Advertisement

Rain Forecast Today: হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, আজ কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে IMD। কয়েক পশলা বৃষ্টিতেও ভিজতে পারে শহর। কলকাতা-সহ গোটা রাজ্যজুড়ে আবহাওয়া কেমন থাকতে পারে? দেখে নেওয়া যাক।

হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাহালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jun 2026,
  • अपडेटेड 7:45 AM IST
  • ব্যাপক গরমের জেরে শহর কলকাতার হাল বেহাল।
  • আপাতত কলকাতায় বাড়ছে না তাপমাত্রা।
  • কলকাতা-সহ গোটা রাজ্যজুড়ে আবহাওয়া কেমন থাকতে পারে?

ব্যাপক গরমের জেরে শহর কলকাতার হাল বেহাল। একই অবস্থা দক্ষিণবঙ্গের একাধিক রাজ্যে। এমন অবস্থায় কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে IMD। আপাতত কলকাতায় বাড়ছে না তাপমাত্রা। উপরন্তু কয়েক পশলা বৃষ্টিতেও ভিজতে পারে শহর। আজ কলকাতা-সহ গোটা রাজ্যজুড়ে আবহাওয়া কেমন থাকতে পারে? দেখে নেওয়া যাক।

কলকাতায় আজ আবহাওয়ার পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে IMD। রবিবার সকালের পূর্বাভাস অনুযায়ী, শহরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ ৬ জুন সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭ জুন সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ২.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টি হতে পারে।

এছাড়াও রবিবারের বিকেল মাটি করতে পারে কালবৈশাখী। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সব এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে IMD।

Advertisement

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দু’টি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সব এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে IMD।

 

Read more!
Advertisement
Advertisement