
দিনের বেলা চড়চড় করে বাড়ছে পারদ। আর সন্ধের পরেই শুরু হচ্ছে ঝড়ো হাওয়া। কোনও কোনও জেলায় চলছে বৃষ্টিও। গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে, বিশেষ করে দক্ষিণবঙ্গে পরিস্থিতি এমনই। তবে কলকাতায় খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে না। আজ কোথায় আবহাওয়া কেমন থাকছে? বুঝে নেওয়া যাক।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
রবিবার সকালের পূর্বাভাস মোতাবেক, আগামী ২৪ ঘণ্টায় শহরে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি বেশি। শনিবার সকাল ৬টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল শূন্য মিলিমিটার।
দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে আগামী কয়েক ঘণ্টায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। একইসঙ্গে কয়েকটি জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে।
imd-র পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ও ঝড়ের দাপট বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে IMD।
IMD জানিয়েছে, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় এক বা দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলার এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।