
অবশেষে ভ্যাপসা অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলেছে। রবিবার বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলা। যার ফলে রাতের বেলায় মোটামুটি শান্তিতেই ঘুম হয়েছে। এখন প্রশ্ন হল, সোমবার কেমন থাকবে আবহাওয়া? যদিও হাওয়া অফিস আশ্বাস দিয়েছে যে আজও বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। পাশাপাশি বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। যার ফলে গরম থেকে কিছুটা হলেও মুক্তি মেলার সম্ভাবনা রয়েছে। তাই আর সময় নষ্ট না করে সোমবারের আবহাওয়ার আপডেট জেনে নিন।
বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে, অনুকূল বায়ুপ্রবাহ রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতা আসছে। যার ফলে উত্তরবঙ্গে আগামী ৭ দিন ভাল পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। সেখানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি থেকে বঞ্চিত হবে না দক্ষিণবঙ্গও। বাংলার এই অংশের একাধিক জেলাও এই সময় ভিজতে পারে।
আজ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি?
আজ সকাল থেকে মুখ ভার কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার। তাই বৃষ্টির যে একটা সম্ভাবনা রয়েছে, এটা মোটের উপর বলাই যায়।
হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায়। এমনকী এই সব জেলার কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যেতে পারে।
আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া ও পূর্ব মেদিনীপুর জেলাতে দমকা হওয়া বইতে পারে। এই সব এলাকায় ৪০ থেকে ৫০ কিমি বোগে ঝড় বয়ে যেতে পারে।
কলকাতাতে কেমন থাকবে আবহাওয়া?
মোটামুটি আজ সকাল থেকেই কলকাতায় মেঘের দেখা মিলছে। তাই সোমবার কলকাতায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বজ্রবিদ্যুতের ঝলকানিও দেখা যেতে পারে। তাই যাঁরা আজ অফিসে বেরবেন, তাঁরা অবশ্যই সঙ্গে রাখবেন ছাতা। নইলে ভিজতে হবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভিজতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর।
তবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আজ উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে।