
ডিজিটাল ব্যাঙ্কিং জালিয়াতি রুখতে গ্রাহকদের জন্য একাধিক নতুন নিয়ম চালুর প্রস্তাব দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নতুন প্রস্তাব কার্যকর হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা বেরনোর উপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন গ্রাহকরা। প্রয়োজনে এক ক্লিকেই বন্ধ করে দেওয়া যাবে অ্যাকাউন্ট থেকে সমস্ত ধরনের ডেবিট লেনদেন। শুধু তাই নয়, বড় অঙ্কের টাকা ট্রান্সফারের ক্ষেত্রে গ্রাহকের বেছে নেওয়া কোনও বিশ্বস্ত ব্যক্তির অনুমোদনও বাধ্যতামূলক হতে পারে।
ডিজিটাল পেমেন্ট চ্যানেল বন্ধ রাখা, লেনদেনের সীমা নির্ধারণ, ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার নিয়ন্ত্রণ থেকে শুরু করে জরুরি পরিস্থিতিতে অ্যাকাউন্ট থেকে টাকা বেরনো বন্ধ করার মতো একাধিক প্রস্তাব এনেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূলত ডিজিটাল ব্যাঙ্কিংয়ে প্রতারণা প্রতিরোধ এবং গ্রাহকদের আর্থিক সুরক্ষা আরও মজবুত করতেই এই উদ্যোগ।
RBI-এর এই প্রস্তাবগুলি 'রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (কমার্শিয়াল ব্যাঙ্কস-রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট) ফিফথ অ্যামেন্ডমেন্ট ডিরেকশনস, ২০২৬'-এর খসড়ার অন্তর্ভুক্ত। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, ডিজিটাল পেমেন্টে জালিয়াতি রুখতে সুরক্ষাব্যবস্থা নিয়ে ২০২৬ সালের ৯ এপ্রিল প্রকাশিত আলোচনা পত্রে সাধারণ মানুষের কাছ থেকে যে মতামত পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেই এই প্রস্তাব তৈরি করা হয়েছে।
RBI-এর বক্তব্য, ডিজিটাল পেমেন্ট চ্যানেল কী ভাবে এবং কতটা ব্যবহার করা হবে, সেই বিষয়ে গ্রাহকদের আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়া প্রয়োজন। নতুন নিয়মগুলি চূড়ান্ত হলে ব্যাঙ্ক গ্রাহকদের জন্য কী কী সুবিধা আসতে পারে?
১. প্রয়োজন না হলে বন্ধ রাখতে পারবেন ডিজিটাল পেমেন্ট পরিষেবা
ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের এমন সুবিধা দিতে হবে, যাতে তাঁরা নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত এক বা একাধিক ডিজিটাল পেমেন্ট চ্যানেল বন্ধ রাখতে পারেন। প্রয়োজন হলে আবার সেই পরিষেবা চালুও করতে পারবেন।
২. নিজের ইচ্ছেমতো ঠিক করতে পারবেন লেনদেনের সীমা
শুধু পেমেন্ট চ্যানেল বন্ধ রাখাই নয়, কত টাকা পর্যন্ত লেনদেন করা যাবে, সেটাও নিজের মতো নির্ধারণ করতে পারবেন গ্রাহকরা। ব্যাঙ্কগুলিকে লেনদেনের সীমা নির্ধারণ এবং পরিবর্তনের সুবিধা দিতে হবে।
এর মধ্যে থাকছে—
- প্রতিটি ডিজিটাল লেনদেনের সর্বোচ্চ অঙ্ক নির্ধারণ।
- নির্দিষ্ট কোনও ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠানোর সর্বোচ্চ সীমা ঠিক করা।
- একটি নির্দিষ্ট ডিজিটাল পেমেন্ট চ্যানেলে দৈনিক লেনদেনের সীমা নির্ধারণ।
- সমস্ত ডিজিটাল পেমেন্ট চ্যানেল মিলিয়ে দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা ঠিক করা।
- নির্দিষ্ট সময়ের জন্য এক বা একাধিক পেমেন্ট চ্যানেল বন্ধ রাখার ব্যবস্থা।
এর ফলে প্রতারক কোনওভাবে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেয়ে গেলেও গ্রাহকের নির্ধারিত সীমার বেশি টাকা সংশ্লিষ্ট চ্যানেল দিয়ে সরাতে পারবে না।
৩. এক ক্লিকেই বন্ধ হবে অ্যাকাউন্ট থেকে টাকা বেরনো! আসছে 'স্টপ সুইচ'
RBI-এর প্রস্তাবিত নতুন ব্যবস্থাগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 'স্টপ সুইচ' (Stop Switch)। কোনও গ্রাহকের মনে যদি সন্দেহ হয় যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত তথ্য প্রতারকদের হাতে চলে গিয়েছে, তাহলে এই সুবিধার মাধ্যমে অ্যাকাউন্ট থেকে ভবিষ্যতের সমস্ত ডেবিট লেনদেন বন্ধ করে দিতে পারবেন।
তবে স্টপ সুইচ চালু করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিজ হয়ে যাবে না। RBI স্পষ্ট জানিয়েছে, এই ব্যবস্থা চালু থাকলেও অ্যাকাউন্টে টাকা জমা পড়তে কোনও বাধা থাকবে না। অর্থাৎ, অন্য কেউ আপনাকে টাকা পাঠাতে পারবেন।
এ ছাড়াও কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। আগে থেকে চালু থাকা রেকারিং পেমেন্ট ম্যান্ডেট এবং স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন এর আওতার বাইরে থাকবে। ব্যাঙ্কের তরফে বকেয়া চার্জ, ঋণের কিস্তি বা অন্যান্য পাওনা আদায়ের জন্য করা ডেবিটের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
৪. ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ডেও নিয়ন্ত্রণ
নতুন নিয়ম শুধু ইন্টারনেট বা মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেড পেমেন্ট কার্ডের ক্ষেত্রেও একই ধরনের নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছে RBI। ব্যাঙ্কগুলিকে কার্ডের বিভিন্ন ধরনের লেনদেন চালু বা বন্ধ রাখা এবং লেনদেনের সীমা নির্ধারণের সুবিধা দিতে হবে। তবে এই সীমা কার্ড প্রদানকারী সংস্থার নির্ধারিত সর্বোচ্চ সীমার মধ্যে থাকতে হবে।
এই সুবিধার আওতায় থাকবে—
- দেশের মধ্যে এবং আন্তর্জাতিক লেনদেন।
- ATM থেকে টাকা তোলা।
- দোকানে POS মেশিনের মাধ্যমে পেমেন্ট।
- অনলাইন লেনদেন।
- কন্ট্যাক্টলেস পেমেন্ট।
উদাহরণ হিসেবে, কেউ যদি ডেবিট কার্ড দিয়ে অনলাইনে কেনাকাটা না করেন, তাহলে সেই পরিষেবা বন্ধ রাখতে পারবেন। বিদেশে না গেলে আন্তর্জাতিক লেনদেনও বন্ধ রাখা যাবে। বিদেশে যাওয়ার সময় প্রয়োজন অনুযায়ী তা আবার চালু করা সম্ভব হবে।
৫. নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেই সব ডিজিটাল পরিষেবা চালু থাকবে না
নতুন প্রস্তাবে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানিয়েছে RBI। কোনও গ্রাহক নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে শুরুতেই সমস্ত ডিজিটাল পেমেন্ট চ্যানেল বন্ধ থাকবে। গ্রাহক স্পষ্ট সম্মতি জানালে এবং প্রয়োজনীয় অথেনটিকেশন সম্পন্ন করলেই সেগুলি চালু করা যাবে।
অন্যান্য ডিজিটাল পেমেন্ট চ্যানেলের ক্ষেত্রে পরিষেবা চালু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় গ্রাহক সর্বোচ্চ কত টাকা পাঠাতে পারবেন, তার একটি সীমা নির্ধারণ করতে হবে ব্যাঙ্ককে। প্রথম ২৪ ঘণ্টা পেরিয়ে গেলে ব্যাঙ্ক নিজেদের মূল্যায়ন এবং অভ্যন্তরীণ নীতি অনুযায়ী ধীরে ধীরে লেনদেনের সীমা বাড়াতে পারবে।
৬. বড় অঙ্কের টাকা পাঠাতে লাগবে বিশ্বস্ত ব্যক্তির অনুমতি
ডিজিটাল প্রতারণা রুখতে আরও একটি নতুন ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে RBI। এর নাম 'ট্রাস্টেড পার্সন মেকানিজম' (Trusted Person Mechanism)। এই ব্যবস্থায় গ্রাহক চাইলে নিজের পছন্দের কোনও বিশ্বস্ত ব্যক্তিকে বড় অঙ্কের টাকা পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত অনুমোদন দেওয়ার দায়িত্ব দিতে পারবেন।
ধরা যাক, কোনও গ্রাহক ১ লক্ষ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করলেন। সে ক্ষেত্রে ১ লক্ষ টাকার বেশি টাকা পাঠাতে গেলেই তাঁর মনোনীত ব্যক্তির কাছে একটি নোটিফিকেশন যাবে।
সেই নোটিফিকেশনে থাকবে—
- কত টাকা পাঠানো হচ্ছে।
- যাঁকে টাকা পাঠানো হচ্ছে, তাঁর নাম।
- প্রাপকের অ্যাকাউন্ট নম্বর।
- টাকা পাঠানোর সময় গ্রাহকের দেওয়া বিবরণ বা ন্যারেশন।
এই লেনদেন অনুমোদন করার জন্য বিশ্বস্ত ব্যক্তিকে এক ঘণ্টা সময় দেওয়া হবে। তিনি অনুমতি দিলেই ব্যাঙ্কের অন্যান্য জালিয়াতি প্রতিরোধ সংক্রান্ত শর্ত মেনে লেনদেন সম্পন্ন হবে। তিনি অনুমতি না দিলে অথবা নির্ধারিত এক ঘণ্টার মধ্যে কোনও উত্তর না দিলে লেনদেন বাতিল হয়ে যাবে। তবে এই ব্যবস্থা UPI পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট এবং স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, ই-ম্যান্ডেট বা NACH ম্যান্ডেটের মাধ্যমে হওয়া নিয়মিত পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
৭. বিশ্বস্ত ব্যক্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পারবেন না
এই ব্যবস্থায় কাউকে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে মনোনীত করলেও তিনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর কোনও অধিকার পাবেন না। RBI স্পষ্ট জানিয়েছে, এই ব্যবস্থায় কাউকে যুক্ত করলে তিনি জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার, নমিনি, ম্যান্ডেট হোল্ডার বা অনুমোদিত স্বাক্ষরকারী হয়ে যাবেন না। অ্যাকাউন্টের উপর তাঁর কোনও মালিকানা বা আর্থিক অধিকার তৈরি হবে না। এমনকী তিনি গ্রাহকের অ্যাকাউন্টের ব্যালান্স, ফিক্সড ডিপোজিট, বিনিয়োগ বা বিমার তথ্যও দেখতে পারবেন না। তাঁর কাজ শুধু নির্দিষ্ট সীমার বেশি লেনদেনের অনুমোদন দেওয়া অথবা তা প্রত্যাখ্যান করা।
৮. ব্যাঙ্কের গাফিলতিতে প্রতারণা হলে বাড়বে দায়বদ্ধতা
শুধু গ্রাহকদের সুরক্ষা বাড়ানো নয়, ব্যাঙ্কের গাফিলতির কারণে ডিজিটাল প্রতারণা হলে দায়বদ্ধতা বাড়ানোরও প্রস্তাব দিয়েছে RBI।
৯. কী ভাবে পাওয়া যাবে এই নতুন সুবিধাগুলি?
RBI-এর প্রস্তাব অনুযায়ী, গ্রাহকদের নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্টপ সুইচ চালু, পরিবর্তন ও বন্ধ করার সুবিধা দিতে হবে ব্যাঙ্কগুলিকে।
এই পরিষেবাগুলি পাওয়া যেতে পারে—
- ব্যাঙ্কের শাখা থেকে।
- ATM-এর মাধ্যমে।
- ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে।
- মোবাইল ব্যাঙ্কিং অ্যাপে।
- IVR বা ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স পরিষেবায়।
কোনও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু, পরিবর্তন, বন্ধ অথবা পুনরায় সক্রিয় করা হলে SMS এবং ইমেলের মাধ্যমে গ্রাহককে সঙ্গে সঙ্গে জানাতে হবে।
এ ছাড়াও গ্রাহকের তরফে করা নিয়ন্ত্রণ সংক্রান্ত অনুরোধ এবং স্টপ সুইচ ব্যবহারের সমস্ত তথ্য ব্যাঙ্ককে নিরাপদ ও পরিবর্তন-অযোগ্য অডিট লগে সংরক্ষণ করতে হবে। যাতে ভবিষ্যতে কোনও অভিযোগ বা বিবাদ তৈরি হলে সেই তথ্য খতিয়ে দেখা যায়।
নতুন পরিষেবাগুলি কী ভাবে ব্যবহার করতে হবে, কী ভাবে চালু বা বন্ধ করতে হবে এবং এর ফলে কী কী পরিবর্তন হবে, তা নিয়মিত গ্রাহকদের জানাতে হবে ব্যাঙ্কগুলিকে।