Advertisement

Rekha Patra: MLA রেখার শরীর থেকে বের করা হয়েছে 'বিষ', বিপদ কি কাটল?

এখনও ভেন্টিলেশনেই আছেন রেখা পাত্র। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি স্টেবল রয়েছেন। তবে বিপদ এখনও কাটেনি BJP বিধায়কের। তাঁর নাকে নল ঢুকিয়ে শরীর থেকে বের করা হয়েছে ভেষজ কীটনাশক।

রেখা পাত্র রেখা পাত্র
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 10:01 AM IST
  • এখনও ভেন্টিলেশনেই আছেন রেখা পাত্র
  • বিপদ এখনও কাটেনি BJP বিধায়কের
  • শরীর থেকে বের করা হয়েছে ভেষজ কীটনাশক

শনিবার রাতে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন হিঙ্গলগঞ্জের BJP বিধায়ক রেখা পাত্র। প্রথমে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতকালে ভর্তি করা হয় তাঁকে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে আসা হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। ভেন্টিলেশনে দিতে হয় তাঁকে। বিষক্রিয়া থেকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছে। যদিও সরকারের তরফে এই নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। 

পরিবারের দাবি, রেখার পেটে চলে গিয়েছে বিষাক্ত হার্বাল লার্ভিসাইড। যা একটি ভেষজ কীটনাশক। রবিবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, বিষক্রিয়ার বিষয়টি মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট না দেখে বলা সম্ভব নয়। তবে তিনি আগের থেকে অনেকটাই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ফুড পয়েজনিংয়ের কারণে এমনটা হয়েছে বলেও দাবি তাঁর। 

শারদ্বত মুখোপাধ্যায় বলেন, 'আগের চেয়ে অনেক স্টেবল আছেন। খাবারে সংক্রমণজনিত রোগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সুস্থতা কামনা করি। আমরা ভারতীয় জনতা পার্টির সবাই আছি। ভগবান সাড়া দেবেন। খাবারগুলি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।'

হাসপাতাল সূত্রে খবর, এখনও জ্ঞান ফেরেনি বিধায়কের। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও তিনি বিপন্মুক্ত নন। ভেন্টিলেশনে নেওয়ার পর তাঁর ভাইটাল প্যারামিটারে সামান্য উন্নতি দেখা দিয়েছে। 

শনিবার রাতে প্রথমে বসিরহাটের হাসপাতালে চিকিৎসকরা রেখা পাত্রকে ৬টি চারকোল ট্যাবলেট এবং অ্যাট্রোপাইন ও প্রালিডক্সাইম ইনজেকশন দেন বলে সূত্রের খবর। নাক দিয়ে নল ঢুকিয়ে শরীর থেকে বিষাক্ত হার্বাল লার্ভিসাইড বের করা হয়। দেওয়া হয় বমি ও গ্যাসের ওষুধও। এ ছাড়াও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে বিধায়ককে। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে রবিবার ভোররাত ৩টে নাগাদ কলকাতায় নিয়ে আসা হয় এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ভেন্টিলেশনে দেওয়া হয় রেখা পাত্রকে। 

 

Read more!
Advertisement
Advertisement