Advertisement

কলকাতার নির্মীয়মাণ সব বিল্ডিংয়ের কাজ বন্ধ, কতদিন? বিরাট নির্দেশ শুভেন্দুর

মুখ্যমন্ত্রী জানান, তারাতলায় দুর্ঘটনাগ্রস্ত গুদামঘরের প্ল্যান ত্রুটিযুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারেরা। পাশাপাশি, তৃণমূলের আমলে অনুমোদিত সব প্ল্যান অডিট করা হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন আপাতত, ৩১ জুলাই পর্যন্ত সব কাজ বন্ধ থাকবে।

TMC আমলে অনুমোদিত সব প্ল্যানের অডিটTMC আমলে অনুমোদিত সব প্ল্যানের অডিট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jun 2026,
  • अपडेटेड 6:18 PM IST

কলকাতার তারাতলায় ঘটে যাওয়া  দুর্ঘটনায় এখনও পর্যন্ত  তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  তিনি জানান, ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে ১৮ জনের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এখনও ১২-১৮ জন ভিতরে আটকে রয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, তারাতলায় দুর্ঘটনাগ্রস্ত গুদামঘরের প্ল্যান ত্রুটিযুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারেরা।  পাশাপাশি, তৃণমূলের আমলে অনুমোদিত সব প্ল্যান অডিট করা হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন আপাতত, ৩১ জুলাই পর্যন্ত সব কাজ বন্ধ থাকবে।

সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন,  'আমাকে পুরসভা থেকে বলা হয়েছে, ১৭ জানুয়ারি, ২০২৬-এ এই বিল্ডিং প্ল্যানের অনুমতি দেওয়া হয়েছে। কেএমসি ইঞ্জিনিয়ার ত্রুটিযুক্ত প্ল্যান বলছেন।' এরপরেই কলকাতা পুরসভার নির্মিয়মাণ ভবনগুলি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, গোটা পুরসভা এলাকাতে আমরা সরকারে আসার আগে যে প্ল্যানগুলি অনুমোদিত হয়েছিল  এবং এখন নির্মিয়মাণ রয়েছে, সেখানে ৩১ জুলাই পর্যন্ত কাজ বন্ধ থাকবে। অডিট হবে। সব কিছু ঠিক থাকলে ১ অগাস্ট থেকে কাজ শুরু হবে। তবে হাসপাতাল, ফায়াব ব্রিগেডের মতো জরুরি পরিষেবার নির্মাণ কাজগুলি এই সময়ে চলবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু স্পষ্ট করে দেন, 'কলকাতা পুর এলাকায় বাণিজ্যিক, জলাশয় বুঝিয়ে হওয়া নির্মাণগুলি আপাতত ৩১ জুলাই পর্যন্ত কাজ বন্ধ থাকবে। পিডব্লুডি, সিভিল ডিফেন্স, পুলিশ, দমকল ও পুরসভাকে নিয়ে অডিট টিম গড়ে দেওয়া হবে। ওই টিম বিল্ডিং প্ল্যান, এলাকা পরিদর্শন করে সিদ্ধান্ত নেবে অনুমোদন ত্রুটিযুক্ত কিনা। তারপরই ফের শুরু হবে কাজ।' তবে হাসপাতাল, দমকল, মেট্রো, সেনা যেখানে কাজ করছে সেই জায়গাগুলি নির্মাণ বন্ধের আওতাধীন নয়। তারাতলা গোডাউন বিপর্যয়ের আসল কারণ এখনও তদন্তসাপেক্ষ। তবে প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, ত্রুটিপূর্ণ নকশার জেরেই ভেঙে পড়েছে নির্মীয়মান গুদাম ও কোল্ড স্টোরেজটি। সে কারণেই তৃণমূল আমলে পাশ হওয়া বিল্ডিংয়ের নকশা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।

Advertisement

পূর্বতন সরকারের আমলে যে সব নির্মাণের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছিল, সেগুলিই ফের খতিয়ে দেখা হবে। ৩১ জুলাই পর্যন্ত ওই সব কাজ বন্ধ রাখতে হবে। বিশেষ টিম দিয়ে অডিট করানো হবে। শুভেন্দু বলেন, 'মুখ‍্যসচিবের নেতৃত্বে কলকাতা পুরসভা, পূর্ত দফতর, সিভিল ডিফেন্স, দমকল বিভাগ এবং পুলিশ , কেএমডিএ-র প্রতিনিধিদের নিয়ে টিম তৈরি করা হবে। যে সব জায়গায় পোর্ট এবং মেট্রো অথরিটির আধিকারিকদের প্রয়োজন, তাঁদের নিয়ে অডিট কমিটি তৈরি করা হবে।' সব ঠিক থাকলে ১ অগাস্ট থেকে ফের কাজ শুরু করা যাবে। আপাতত কলকাতার ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পরবর্তীতে বিধাননগর ও হাওড়াতেও এই কাজ চলবে বলে জানিয়েছেন তিনি।

Read more!
Advertisement
Advertisement