
আরজি কর-কাণ্ডে এবার প্রাক্তন তৃণমূল বিধায়কের গ্রেফতারি চান নির্যাতিতার বাবা-মা। শ্মশানে তথ্যপ্রমাণ লোপাটে বিধায়ক নির্মল ঘোষ জড়িত। এই মর্মে অভিযোগ করে শিয়ালদা আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
২০২৪ সালে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় চিকিৎসক পড়ুয়াকে। ওই ঘটনায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দাস এবং স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব মুখোপাধ্যায়কে অবিলম্বে গ্রেফতারির দাবি করেছেন নির্যাতিতার বাবা-মা।
নির্যাতিতার মা-বাবার অভিযোগ, ওই তিন ব্যক্তি মেয়ের দেহ হাইজ্যাক করেছিলেন। উদ্দেশ্যে ছিল তথ্যপ্রমাণ লোপাট। সেজন্য তড়িঘড়ি দাহ করার ব্যবস্থা করা হয়েছিল। তাঁদের আরও অভিযোগ, ইচ্ছাকৃতভাবে দ্বিতীয়বার ময়নাতদন্তের পথে বাধা দেওয়া হয়েছিল। দাহ করার আগে প্রয়োজনীয় নথিপত্র তাঁদের হাতে দেওয়া হয়নি।
পরিবারের আইনজীবী জানান, ঘটনার পরই ওই তিন ব্যক্তি রহস্যজনকভাবে অতিসক্রিয় হয়ে উঠেছিলেনয। তাই তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। শুনানি চলাকালীন সিবিআইয়ের আইনজীবীর ব্যাখ্যা, কাকে গ্রেফতার করা হবে সে বিষয়ে তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেওয়া যায় না। তবে তাঁরা এ বিষয়ে আদালতে হলফনামা জমা দিতে রাজি হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৫ জুন।
বলে রাখি, সদ্য বিধানসভা ভোটে বিজেপির টিকিটে পানিহাটিতে দাঁড়িয়েছিলেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। তিনি জিতেওছেন। হারিয়েছেন নিকটতম তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। জয়ের ব্যবধান ২৮,৮৩৬।