
হাইকোর্টে বড় ধাক্কা খেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। রাজ্যের বিরোধী দলনেতা আর থাকলেন না। শুক্রবার হাইকোর্টে খারিজ করল স্পিকারের সিদ্ধান্ত। বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ, ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সবপক্ষের দাবি বিবেচনা করে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুকে।
এ দিন শোভনদেব চট্টোরপাধ্যায়ের মামলায় বিধানসভায় স্পিকার রথীন্দ্র বসুর ৩ জুনের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কী ছিল ওই নির্দেশে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন রথীন্দ্র। এই স্বীকৃতিই খারিজ করে দিল হাইকোর্ট। সেই সঙ্গে স্পিকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ, বিরোধী দলের তরফে চিঠি পাওয়ার পরেও তাদের দলীয় বৈঠকের প্রস্তাব চাওয়ার প্রয়োজনীয়তা কী ছিল? এর আগের শুনানিতে বিচারপতি রাও জানতে চেয়েছিলেন, ৭৮ জন বিধায়কের দাবি না মেনে ৫৪ বা ৫৬ জনের বক্তব্য কেন গুরুত্ব পেল? বিরোধী দলের বক্তব্য শোনার দরকার ছিল না? বিরোধী দলের সংবিধান ও সিদ্ধান্তকে কি এড়িয়ে যেতে পারেন?
রাজ্যের ব্যাখ্যা কী ছিল?
এই মামলার শুনানিতে রাজ্যের ব্যাখ্যা ছিল, ১৫ মে স্পিকার হন রথীন্দ্র বসু। তার আগে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। স্পিকারকে ছাড়া বিরোধী দলনেতা নির্বাচন করা যায় না। ১৯ থেকে ২৪ মে কলকাতার বাইরে ছিলেন স্পিকার। ১৯ মে তৃণমূলের তরফে ৬ মে-র প্রস্তাব পাঠানো হয়। অন্যদিকে, পাল্টা অভিযোগ করে বিরোধীপক্ষও। দায়ের হয় এফআইআরও।
মামলাটা কী?
বিধানসভা নির্বাচনে ৮০টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হয়েছিল তৃণমূল কংগ্রেস। সাংবিধান মোতাবেক তাঁদেরই বিরোধী দলনেতার পদ পাওয়ার কথা। বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নিয়েছিলেন দলের চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়। স্পিকারকে জানিয়ে গত ৯ মে চিঠিও দেয় তৃণমূল। তবে পুরো বিষয়টি স্পিকার ঝুলিয়ে রাখেন বলে অভিযোগ। পরে ওই চিঠি নিয়ে ওঠে প্রশ্ন। বিধায়কদের সই জাল করা হয়েছে বলে। দলবিরোধী কাজের জন্য ১ জুন বহিষ্কৃত হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। ৩ জুন সেই ঋতব্রতকেই বিরোধী দলনেতা বেছে নেয় তৃণমূলের বিধায়কদের একাংশ। সেই মর্মে স্পিকারকে দেওয়া হয় চিঠিও। ওই চিঠির ভিত্তিতে ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা করেন স্পিকার। ওই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হন কালীঘাট তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।