
হুক্কাবারে যাওয়া নিয়ে বাড়িতে বকাবকির জেরে ঘরছাড়া চার স্কুলছাত্রীকে অবশেষে উদ্ধার করল পুলিশ। অপহরণের অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই আসানসোল থেকে তাদের খুঁজে বের করা হয়।
ঘটনার সূত্রপাত, পরিবারের কাছে হুক্কাবারে যাওয়ার বিষয়টি ধরা পড়তেই চার কিশোরী বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। প্রথমে তাদের অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, মুম্বই না হায়দরাবাদ, কোথায় তারা গেছে তা স্পষ্ট ছিল না। তদন্তে জানা যায়, হায়দরাবাদে থাকা এক যুবকের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। সেই সূত্র ধরেই এগোয় পুলিশ।
ওই যুবকের কাছ থেকে একটি অডিও ক্লিপ পায় পুলিশ, যেখানে এক কিশোরীর কণ্ঠে শোনা যায়, 'হোটেল খুঁজতে হবে।' পাশাপাশি, পেছনে ভেসে আসছিল ট্রেনের শব্দ। এই সূত্র ধরেই পুলিশ নিশ্চিত হয় যে তারা কোনও রেলস্টেশনের আশেপাশেই রয়েছে। পরে জানা যায়, কিশোরীরা আসানসোলে গিয়েছে।
খবর পাওয়া মাত্রই রাতে আসানসোলের উদ্দেশে রওনা দেয় পুলিশের একটি দল। গভীর রাতে আসানসোল স্টেশন সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে চার কিশোরীকেই ঘোরাফেরা করতে দেখা যায়। সেখান থেকেই তাদের নিরাপদে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কোনও হোটেল নাবালিকা হওয়ায় তাদের থাকার অনুমতি দেয়নি। তাই শেষ পর্যন্ত স্টেশনেই রাত কাটানোর পরিকল্পনা করেছিল তারা। এদিকে, মুম্বই থেকে আসা ওই যুবক আসানসোলে হোটেল খুঁজতে গিয়ে দুর্ঘটনায় পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং কিশোরীরা আতঙ্কিত হয়ে পড়ে।
পরবর্তীতে চারজনকেই ভোররাতে কলকাতায় নিয়ে এসে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের দ্রুত পদক্ষেপ ও কৌশলগত তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।