
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্কের মধ্যেই আগামী রবিবার ফের একবার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পরীক্ষা দিতে পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেল। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করছে শিয়ালদা বিভাগ।
সাধারণত রবিবারে লোকাল ট্রেন পরিষেবা অন্য কর্মদিবসের তুলনায় কম থাকে। কিন্তু পরীক্ষার বিষয়টি বিবেচনা করে শিয়ালদা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, ২১ জুন রবিবারেও দুপুর ১২ টা পর্যন্ত কর্মদিবসের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী EMU/MEMU লোকাল ট্রেন পরিষেবা চালানো হবে। এরফলে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষার সময় যাত্রীদের জন্য ঝামেলামুক্ত যাতায়াত নিশ্চিত করতে শিয়ালদা বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। আর সেই কারণেই অতিরিক্ত ট্রেন চালানো হবে। এরফলে পরীক্ষার্থী ছাড়াও, তাঁদের অভিভাবকেরাও যাতায়াতে সুবিধা পাবেন।
উল্লেখ্য সম্প্রতি আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালুর ঘোষণা করা হয়েছে। অফিস টাইমে শিয়ালদা শাখায় যাত্রী ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ জুন অর্থাৎ সোমবার থেকেই ট্রেনগুলি চালানো হচ্ছে। ডায়মন্ড হারবার এবং শিয়ালদা– হাসনাবাদ শাখায় ট্রেনগুলি চালানো হয়েছে।
ট্রেনের টাইমিং কী রয়েছে?
ডাউন হাসনাবাদ বারাসত স্পেশাল ছা়ড়বে প্রতিদিন ৩টে ২০ মিনিটে। বারাসত আসবে ৪টে ৩৯ মিনিটে।
আপ শিয়ালদা বারাসত লোকাল ট্রেনটি প্রতিদিন হাসনাবাদ পর্যন্ত যাবে। শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে ৮টা ৫৮ মিনিটে। হাসনাবাদে পৌঁছবে ১১টা ৬ মিনিটে।
শিয়ালদা থেকে সোনারপুর যাবে আরও একটি নতুন ট্রেন। সেটি শিয়ালদা ছাড়বে সকাল ৯টা ৩৫ মিনিটে। সোনারপুর পৌঁছবে ১০টা ১০ মিনিটে।
সোনারপুর-ডায়মন্ডহারবার স্পেশাল ট্রেন চলবে সোম থেকে শনিবার। সকাল ৬টা ০৫ মিনিটে ছাড়বে। ডায়মন্ড হারবার পৌঁছবে ৭টা ১০ মিনিটে।
আপ ডায়মন্ডহারবার শিয়ালদহ স্পেশাল ট্রেন চলবে সোম থেকে শনিবার। ট্রেনটি ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল ৭টা ২২ মিনিটে। সেটি শিয়ালদায় পৌঁছবে ৮টা ৫৮ মিনিটে।