Advertisement

West Bengal Assembly Signature Fraud: সই জাল কাণ্ডে ২টো চিঠি প্রকাশ করলেন শোভনদেব, ফ্লোর টেস্ট চাইছেন ঋতব্রত

বিধানসভায় সই জাল কাণ্ডে এবার ২টি চিঠি প্রকাশ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেটিকে 'বাটপারি কারবার' বলে মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। তিনি চাইছেন, স্পিকার ফ্লোর টেস্টের নির্দেশ দিক।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় (ইনসেটে-চিঠি)ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় (ইনসেটে-চিঠি)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Jun 2026,
  • अपडेटेड 12:45 PM IST
  • ২টি চিঠি প্রকাশ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়
  • 'বাটপারি কারবার' বলে মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
  • তিনি চাইছেন, স্পিকার ফ্লোর টেস্টের নির্দেশ দিক

যে চিঠিতে সই করা নিয়ে এক কাণ্ড, সেই চিঠিই এবার প্রকাশ করে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। গত ৬ এবং ১৯ মে, পরপর ২ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাবে কারা সই করেছিলেন, কাদের নাম ব্লক লেটারে লেখা ছিল, সবটাই রয়েছে সেই চিঠিতে। এটিকে 'নতুন ধরনের বাটপারি' বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 

শোভনদেবের চিঠিতে কী রয়েছে? 
প্রথমে গত ৬ মে, ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যে বৈঠক ডাকা হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন ৬৭ জন বিধায়ক। শোভনদেব চট্টোপাধ্যায় সেই বৈঠকের চিঠি প্রকাশ করেছেন। নথিতে উপস্থিত সকলেরই সই রয়েছে। কেউ বাংলায় সই করেছেন, কেউ ইংরেজিতে। পাশে নিজের বিধানসভা কেন্দ্রের নাম এবং তারিখও লিখেছেন। তবে এর মধ্যে কিছু কিছু নাম লেখা হয়েছে ব্লক লেটারে। 

এই তালিকায় রয়েছেন মহেশতলার বিধায়ক শুভাশিস দাস, বোলপুরের চন্দ্রনাথ সিংহ, খড়গপুরের  দীনেন রায়, ক্যানিং পূর্বের বাহারুল ইসলাম। নথির শিরোনাম হিসাবে লেখা রয়েছে, 'তৃণমূলের নবনির্বাচিত প্রার্থীদের নিয়ে বিরোধী দলনেতা, উপনেতা ও মুখ্যসচেতক নির্বাচন সংক্রান্ত সভায় উপস্থিত সদস্যগণ'।

চিঠিতে এ-ও লেখা রয়েছে, ৬ তারিখের ওই সভায় সভাপতিত্ব করেন ফিরহাদ হাকিম। তাঁর নাম প্রস্তাব করেছিলেন অরূপ রায় এবং তা সমর্থন করেছিলেন চন্দ্রনাথ সিনহা। পরিষদীয় দলনেতা হিসেবে শোভনদেবের নাম প্রস্তাব করেন মদন মিত্র। যাঁরা উপস্থিত ছিলেন না, তাঁরাও সমর্থনের কথা জানিয়েছেন বলে লেখা হয়েছে সেই চিঠিতে। 

শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রকাশিত চিঠিতে দেখা যাচ্ছে, ১৯ মে-এর বৈঠকে যে প্রস্তাব পেশ হয়েছিল, তাতে স্বাক্ষর রয়েছে ৫৯ জনের। সেই চিঠিতেও কারও কারও নাম লেখা ব্লক লেটারে। 

তৃণমূলের এই চিঠির কিছু কিছু সই জাল করে বিধানসভার স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা সে বিষয়ে বিধানসভায় অভিযোগ জানান। তাঁদের অভিযোগের ভিত্তিতেই এই মামলার তদন্তভার CID-কে দেয় রাজ্য সরকার। ইতিমধ্যেই ৩-৪ জন বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়েছে।

Advertisement

শুভেন্দু অধিকারী সবটা ফাঁস করার পর  ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করে তৃণমূল।  সেই বহিষ্কৃত ঋতব্রতকেই বিরোধী দলনেতা করতে চেয়ে ৬০ জন বিধায়কের চিঠি স্পিকারের কাছে জমা পড়ে। ফলে শোভনদেবের পরিবর্তে বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন ঋতব্রত। 

ঋতব্রতর প্রতিক্রিয়া
bangla.aajtak.in-কে ঋতব্রত বললেন, 'আমি আগেও প্রকাশ্যে বলেছি এবং CID যখন জিজ্ঞাসাবাদ করেছে, তখনও জানিয়েছি, ১৯ তারিখ বলা হয়েছিল ৬ তারিখের ডেট দিয়ে সই করতে। ৬ তারিখের বৈঠকে কোনও সই হয়নি, শুধু নাম লেখা হয়েছিল। বাটপারি যাঁরা করছেন, একটু মন দিয়ে করলে ভাল হয়।' ঋতব্রত আরও বলেন, '১৯ এবং ৬, দু'দিনই দেখা যাচ্ছে বাহারুল ইসলামের সই রয়েছে। উনি ৬ তারিখ মিটিং আসেননি। গোটা দিন ভাঙড়ে ছিলেন। টাওয়ার লোকেশন চেক করলেই জানা যাবে। CID-কে বলতে হবে আরও একটা বাটপারি হয়েছে। একটা ফ্লোর টেস্ট করে নিলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।'

 

Read more!
Advertisement
Advertisement