
T20 বিশ্বকাপের সেমি-ফাইনাল ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হবে এই ম্যাচ। যদিও ভারতের ম্যাচ রয়েছে আগামীকাল, বৃহস্পতিবার। আজ, বুধবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ম্যাচ শুরু হতে চলেছে সন্ধ্যা ৭টা থেকে। খেলা শেষ হতে হতে বেজে যায় প্রায় রাত ১১টা। ফলে বেশিরভাগ সময়েই খেলা শেষ করে বাড়ি ফিরতে গিয়ে ভোগান্তির মধ্যে পড়তে হয় কয়েকশো দর্শককে। এমনকি লোকাল ট্রেনের সুবিধা পাওয়াও বিস্তর ঝক্কির ব্যাপার হয়। তবে এবার সুখবর দিল কলকাতা মেট্রো। ইডেনে সেমি ফাইনাল ম্যাচ দেখে দর্শকদের বাড়ির ফেরাতে স্পেশাল মেট্রোর ব্যবস্থা করল কলকাতা মেট্রো।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, এই বিশেষ মেট্রোগুলি ব্লু লাইনের এসপ্ল্যানেড- দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড- শহিদ ক্ষুদিরাম রুটের মধ্যে চালানো হবে। এই দুটি মেট্রোই এসপ্ল্যানেড থেকে রাত ১১:১৫ মিনিটে ছাড়বে। যাত্রাপথে ট্রেনগুলি সমস্ত স্টেশনে থামবে।
মেট্রোর টিকিট কাটবেন কীভাবে?
আমার কলকাতা অ্যাপের মাধ্যমে যাত্রীরা এই ট্রেনের টিকিট কাটতে পারবেন। এছাড়াও, বিশেষ ট্রেন উপলক্ষে রাত ১১টা ১৫ পর্যন্ত শুধুমাত্র এসপ্ল্যানেড স্টেশনের টিকিট কাউন্টার খোলা থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রোর পর লোকাল ট্রেন পাবেন কি?
১১টা ১৫-তে এসপ্ল্যানেড থেকে ছাড়ার পর ট্রেনটি দমদম স্টেশনে এসে পৌঁছবে রাত ১১টা ৩৫ নাগাদ। অন্যদিকে, দমদম জংশন থেকে বনগাঁ ও রানাঘাট লোকাল রয়েছে রাত ১২টা বেজে ৯ মিনিটে। ট্রেন দুটি শিয়ালদা থেকে ছাড়ে রাত ১১টা বেজে ৫৮ মিনিটে। মেট্রো করে দমদম আসার পর সহজেই এই ট্রেন দুটি ধরতে পারবেন দর্শকেরা।