
বদলের রাজ্যে বদলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোও। প্রতি বছরই শ্রীভূমির পুজো শুরু হওয়া মানেই উপচে পড়া ভিড় আর VIP রোড জ্যাম। কিন্তু এবার সেই চিত্র বদলের আপ্রাণ চেষ্টায় নতুন পুজো উদ্যোক্তা এবং প্রশাসন।
পুজোর ক'টা দিন চিংড়িঘাটা থেকে ইএম বাইপাসের বড় অংশ বন্ধ হয়ে যাওয়ার জেরে মানুষের ভোগান্তির অবসান ঘটাতে বিশেষ ব্যবস্থাপনা করছে বিধাননগর পুলিশ। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার পুজোর ভিড় ও ট্র্যাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লালবাজারের সঙ্গে সমন্বয় রাখবে তারা। VIP রোডের যানজট সামাল দিয়ে পুজোর সময়ে কলকাতা পুলিশের ট্র্যাফিক কর্মীদের নিয়োগ করা হতে পারে বিধাননগর কমিশনারেটের এই এলাকায়।
সিদ্ধান্ত নেওয়া হয়েছে, VIP রোডের উপরে দর্শকদের দাঁড়াতে দেওয়া হবে না। পথচারীদের রাস্তা পার করতে হবে সাবওয়ে দিয়ে। সার্ভিস রোড ছেড়ে মেন রোডে আসতে পারবেন না মণ্ডপের দর্শনার্থীরা। মণ্ডপের দিকে যাওয়ার রাস্তা টিনের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে।
অতিরিক্ত ভিড় হলে উল্টোডাঙা থেকে বিমানবন্দরগামী গাড়িগুলিকে চিংড়িঘাটা থেকেই নিউ টাউনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। বিমানবন্দর থেকে কলকাতামুখী গাড়িগুলিকেও ভিড় এড়াতে নিউ টাউন হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। পঞ্চমী থেকে দশমী, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত উল্টোডাঙা থেকে কেষ্টপুরের মধ্যে অটো চলাচল বন্ধ থাকবে।
পুজোর সভাপতি কনক দেবনাথ বলেন, 'ট্রাফিক ইন্সপেক্টর এবং ওসি-র সঙ্গে বৈঠক এবং ১১ বার রেইকি হয়েছে। ৪২ জনের কমিটি তৈরি হয়েছে বাঙুর, শ্রীভূমি, লেকটাউন, দমদম পার্ক, দক্ষিণদাড়ি এলাকার জন্য। পুলিশের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবে এই কমিটি। ৪টে ড্রোন সর্বক্ষণ নজরদারি চালাবে। গোটা মণ্ডপ চত্বরে থাকবে আড়াই হাজার পুলিশ ও ট্রাফিক পুলিশ। আমরা কোনওমতেই VIP রোড জ্যাম করতে দেব না।'