
শহর ও শহরতলিতে হকার উচ্ছেদ নিয়ে চরম বিতর্ক। রেলের জমিতে হকার উচ্ছেদ হোক বা রাস্তা আটকে হকারদের দোকানে চলেছে বুলডোজার। স্বাভাবিকভাবেই হকারদের রুটিরুজিতে টান পড়েছে। পুনর্বাসনের দাবি করছেন হকাররা।
হকার উচ্ছেদের বিরোধিতায় সরব হন বাম নেতারা। রবিবার যাদবপুরে উচ্ছেদ আটকাতে গেলে আটক করা হয় সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য সহ অনেককে। বাম নেতৃত্বের দাবি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। এখন প্রশ্ন উঠছে বামেদের এই দাবি কি আদৌ যুক্তিযুক্ত? বেআইনিভাবে দখল করা এলাকায় হকারদের কি পুনর্বাসন দেওয়া সম্ভব? কী বলছে আইন?
পশ্চিমবঙ্গে হকার উচ্ছেদ সংক্রান্ত আইনি সুরক্ষা এবং নিয়ন্ত্রণ 'স্ট্রিট ভেন্ডরস (প্রোটেকশন অব লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অব স্ট্রিট ভেন্ডিং) অ্যাক্ট, ২০১৪' এবং রাজ্য সরকারের 'পশ্চিমবঙ্গ স্ট্রিট ভেন্ডরস বিধি, ২০১৮'-এর অধীনে পরিচালিত হয়।
এই আইন অনুযায়ী, পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন দফরের নির্দেশিকায় রয়েছে, যথাযথ নোটিশ ছাড়া হকার উচ্ছেদ করা বেআইনি। হকার উচ্ছেদের কিছু আইনি শর্ত ও অধিকার রয়েছে। রাস্তায় দোকান দেওয়ার জন্য লাইসেন্স দেওয়া থেকে অবৈধ বা বেআইনি দোকানদারদের ক্ষেত্রে রাজ্য বা পুরসভা আইন প্রয়োগ করতে পারে। বৈধ হকারদের জন্য স্থানীয় টাউন ভেন্ডিং কমিটি যাচাই করে।
হকারদের বসা নিয়ে কী আইন রয়েছে?
ভারতীয় সংবিধানে প্রত্যেক নাগরিকের যেকোনও বৈধ ব্যবসা বা বাণিজ্য করার অধিকার রয়েছে। এই অধিকারের বলে হকাররা ফুটপাতে বা নির্দিষ্ট স্থানে ব্যবসা করতে পারেন। হকার ব্যবসা যাতে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে চলে সেজন্য টাউন ভেন্ডিং কমিটি গঠনের কথাও বলা হয়েছে। এই কমিটিকে হকাররা রেজিস্ট্রেশন ও লাইসেন্স দেয়। নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়।
হকাররা ফুটপাতে বসলে তাদের নির্বিচারে উচ্ছেদ করা বেআইনি। হকারদের কোনও এলাকা থেকে সরাতে হলে আইন মেনে নোটিশ দিতে হয়। উচ্ছেদের আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হয়। তবে কাদের পুনর্বাসন দেওয়া অথবা না দেওয়ার পিছনেও আইন রয়েছে।
ফুটপাতে হকারদের ব্যবসার নিয়ম
রেলে হকারি করার নিয়ম
রেলওয়ে প্ল্যাটফর্ম বা স্টেশন চত্বরে দোকান বসানোর জন্য ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের নির্দিষ্ট নিয়ম রয়েছে। অনুমতি ছাড়া বসলে তা অবৈধ হিসেবে গণ্য করা হয়। রেল পুলিশ আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান চালাতে পারে।
এর আগে হাওড়া, শিয়ালদা স্টেশন চত্বরে বেআইনি হকার উচ্ছেদ করেছে রেল। নামানো হয় বুলডোজার। জানা যায়, দিন কয়েকে শিয়ালদা, হাওড়া স্টেশন চত্বরে প্রায় ৫০০টি অস্থায়ী ঝুপড়ি এবং ছোট দোকান উচ্ছেদ করা হয়। হাতে সময় না পেয়ে এই উচ্ছেদে বিপাকে ব্যবসায়ীরা।