
বয়স হয়েছে আশির দোরগোড়ায় তা বেশ বোঝা যাচ্ছে। গাল ভর্তি পাকা দাড়ি। তবে ট্রিম করে কাটা নয়, বেশ অবিন্যস্ত। পোশাকেও নেই কোনও চাকচিক্য। তা অবশ্য কোনওকালেই ছিল না। কথা হচ্ছে সূর্যকান্ত মিশ্রকে নিয়ে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন পলিটব্যুরো সদস্য এই বাম নেতার এমনই একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সকলেরই কৌতুহন, উনি দাড়ি কামাচ্ছেন না কেন? শখে? নাকি রয়েছে অন্য কোনও কারণ। কেউ কেউ আবার বুদ্ধদেব ভট্টাচার্যের গালভর্তি দাড়ির সেই দিনগুলির সঙ্গেও মেলাতে শুরু করেছেন।
বাম সমর্থকদের কাছে সূর্যকান্ত মিশ্রের সাদামাটা জীবনযাপন নতুন নয়। মার্বেল পাথরে মোড়া বাড়ি কিংবা বড় আবাসনে থাকেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী। রয়েছে দু'কামরার ছোট ফ্ল্যাট। ঘরে ঢুকলে অধিকাংশ সময়ই প্রাক্তন পলিটব্যুরো সদস্য, প্রাক্তন বিরোধী দলনেতাকে দেখা যায় লুঙ্গি-গেঞ্জি পরে বই হাতে বসে থাকতে। CPIM-এর এই বর্ষীয়ান নেতার জীবন দেখে হতবাক হন বাম কর্মী সমর্থকরাও।
মঙ্গলবার একগাল অবিন্যস্ত দাড়ি নিয়েই CPIM-এর সোশ্যাল মিডিয়া পেজের একটি সাক্ষাৎকারে দেখা যায় সূর্যকান্ত মিশ্রকে। কৌতুহল বাড়ে আরও। তারপরই একটি অবাক করার মতো পোস্ট ভাইরাল হয় ফেসবুকে। শ্যামা চাঁদ বলে পেশায় আইনজীবী জনৈক বাম কর্মী নিজের ফেসবুক ওয়ালে সূর্য মিশ্রের দাড়ি ভর্তি মুখের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'কমরেড অভয় দা বলছিলেন, রাজ্য অফিসে কমরেড সূর্যদা বসে আছেন, জেলার খবরা খবর নিচ্ছেন, জিজ্ঞেস করলাম দাড়ি কাটছেন না কেন? উনি বললেন কেন বলতো? আসলে এখন দাড়ি কাটতে গেলে হাত কাঁপে আর আগের মত প্রতিদিন দাড়ি কাটতে পারি না।' জনৈক পার্টি নেতাই এরপর সূর্য মিশ্রকে জানান, একজনকে বলে দেওয়া হবে, সে প্রতিদিন গিয়ে তাঁর দাড়ি কেটে দিয়ে আসবে। জবাবে সূর্য মিশ্র যা জানিয়েছেন, তা পোস্টে তুলে ধরেন শ্যামা চাঁদ। লেখেন, 'সূর্যদা বললেন, আমি একজন পার্টির সর্বক্ষণের কর্মী। প্রতিদিন তাঁর পারিশ্রমিক দেওয়ার ক্ষমতা নেই, তাই আর দাড়ি কাটি না।
অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাক্তন সভাপতি, রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যন্ত্রী, বিরোধী দলনেতা, পার্টির দু'বারের রাজ্য সম্পাদক এবং প্রাক্তন পলিটব্যুরো নেতার এ হেন পরিস্থিতি শুনে থ হয়ে গিয়েছেন নেটিজেনরা।
সূর্যকান্ত গোঁফ রাখতেন বরাবর। তবে রোজ সকালে নিয়ম করে নিজে দাড়ি কামাতেন। পরিবার সূত্রে খবর, নার্ভের সমস্যার কারণে তাঁর এতটাই হাত কাঁপে, এখন রেজার ধরে দাড়ি কাটতে গেলে বিপত্তি হতে পারে। জানা গিয়েছে, মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে ৭৭ বছর বয়সী প্রবীণ এই CPIM নেতার চিকিৎসা চলছে। নিয়মিত ওষুধও খেতে হচ্ছে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে। কিন্তু বারবার বলা সত্ত্বেও নাপিতকে ডেকে দাড়ি কামাতে নারাজ তিনি।
১১ বছর আগে ২০১৫ সালের জানুয়ারি মাসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিবুকে ব়্যাশ বেরিয়েছিল। তাই দাড়ি কাটা বন্ধ রেখেছিলেন। গোটা এক বছর গালে দাড়ি রেখেছিলেন বুদ্ধদেব। সে বছর CPIM-এর প্লেনাম হোক বা ব্রিগেড সমাবেশ, মুখ ভর্তি দাড়ি নিয়েই বক্তৃতা রাখেন তিনি। পরের বছরই ফিরে গিয়েছিলেন ক্লিন শেভে। সূর্যকান্ত কবে পুরনো লুকে কবে ফিরবেন, তা অবশ্য জানাননি বর্ষীয়ান এই বামনেতা।