Advertisement

Suruchi Sangha: সুরুচি সঙ্ঘের পুজো হবে, 'বিশ্বাস ব্রাদার্স' বিদায়ের পর ক্লাবে বড় প্ল্যান BJP-র

কৌতুহলের অবসান। সুরুচি সঙ্ঘের পুজো বন্ধ হচ্ছে না। নিয়ম মেনেই ক্লাবের পুজো হবে। তবে অরূপ-স্বরূপের ক্লাবের মাথায় এবার বসলেন BJP বিধায়ক সৌরভ শিকদার। খোলনলচে বদলে ফেলা হল ক্লাবের। কী প্ল্যানিং রয়েছে পুজো নিয়ে?

সুরুচি সঙ্ঘসুরুচি সঙ্ঘ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Jul 2026,
  • अपडेटेड 4:02 PM IST
  • সুরুচি সঙ্ঘের পুজো বন্ধ হচ্ছে না
  • অরূপ-স্বরূপের ক্লাবের মাথায় এবার BJP বিধায়ক
  • খোলনলচে বদলে ফেলা হল ক্লাবের

কলকাতায় রাজনৈতিক নেতাদের পুজো হিসেবে বিখ্যাত মণ্ডপগুলির মধ্যে অবশ্যই প্রথমসারিতে থাকবে সুরুচি সঙ্ঘ। নিউ আলিপুর এলাকার এই পুজোটি তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসেবেই পরিচিত ছিল। তবে এবার খোলনলচে বদলে গেল 'বিশ্বাস ব্রাদার্স'-এর কুক্ষিগত এই ক্লাবের। অরূপ এবং স্বরূপ বিশ্বাসকে সরিয়ে ক্লাবের মাথায় এবার বসলেন BJP বিধায়ক সৌরভ শিকদার। 

মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করার পর থেকেই ঠাকুর দেখতে লম্বা লাইন পড়ে সুরুচিতে। VVIP এই পুজোর জন্য দুর্গাপুর ব্রিজে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। থিকথিকে ভিড় আর পঞ্চমী থেকে দশমী সেলেবদের আনাগোনা চোখে পড়ে। তবে পালাবদলের পর সে সব এখন অতীত। অন্যতম উদ্যোক্তা স্বরূপ বিশ্বাস জেলবন্দি, পরাজিত অরূপ বিশ্বাস মামলা-মোকদ্দমায় ফেঁসে। ক্লাবে ভাঙচুর হয়েছে, মিলেছে খাট-বিছানা, ত্রাণ সামগ্রী। এ সবের মাঝে সকলেরই একটা প্রশ্ন, তবে কি এবারে সুরুচির পুজো হবে না? 

সুরুচি সঙ্ঘের পুজো হবে?
সুখবর রয়েছে ঠাকুর দেখতে আগ্রহী দর্শনার্থীদে জন্য। সুরুচি সঙ্ঘের পুজো বন্ধ হচ্ছে না। এ বছরও সুরুচিতে দুর্গাপুজো হবে ধুমধাম করেই। থাকবে থিমও। তবে একাধিক পরিবর্তন রয়েছে। 

সুরুচি সঙ্ঘের দুর্গাপুজোর জন্য তৈরি হয়েছে নয়া কমিটি। যাঁর মাথায় বসেছেন BJP-র উত্তর দমদমের বিধায়ক সৌরভ শিকদার। কীভাবে সুরুচির পুজো প্ল্যানিং করছেন তিনি? bangla.aajtak.in-কে তিনি বলেন, 'সুরুচি সঙ্ঘের জৌলুস, বৈভব কোনওটাই কমবে না। তবে মানুষের অসুবিধা না করে, মানুষকে ভয় না দেখিয়ে পুজো হবে। এত VIP কালচার ছিল যে এলাকাবাসীই নিজেদের পুজোয় আসতে পারতেন না।' 

তৃণমূল নেতার পুজো থেকে সুরুচি কি এবার BJP বিধায়কের পুজো হিসেবে চিহ্নিত হবে? এই নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সৌরভ শিকদার অবশ্য বলছেন, 'অত্যন্ত ভাল ভাবে এবারের পুজো হবে। সবাইকে নিয়ে পুজোটা হবে। আমরা পুলিশের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসব। সুরুচির পুজোর জন্য এবার থেকে আর কোনও রাস্তা বন্ধ হবে না, যানজটে নাকাল হতে হবে না ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের।'

Advertisement

অরূপ-স্বরূপের সুরুচি সঙ্ঘে কেবল ভাঙচুরই নয় এসেছে নোটিশও। অভিযোগ, LIC-র জমি দখল করে প্রত্যেক বছর পুজো হত। জানা গিয়েছে, স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই থানায় অভিযোগ দায়ের করেছিল LIC। সুরুচির ৩ দিকে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। নোটিশে ৪টি প্লট খালি করার নির্দেশ দেওয়া হয়। ওই ৪টি প্লট অর্থাৎ প্রায় ২২ কাঠা জমিতে বেআইনি নির্মাণ করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে প্লট খালি করার নির্দেশ দেওয়া হয়। প্লট খালি না করা হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলেও বলা হয়েছে নোটিশে। এখন দেখার নয়া কমিটি সেই সমস্যার কী সুরাহা করে। 

 

Read more!
Advertisement
Advertisement