Advertisement

Ananpurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা আরও বাড়িয়ে দিচ্ছে সরকার, এবার কত? জানালেন মুখ্যমন্ত্রী

এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া ১ কোটি ৬৬ লক্ষ আবেদনের যাচাই ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2026,
  • अपडेटेड 8:06 PM IST
  • অন্নপূর্ণা যোজনার টাকা আরও বাড়িয়ে দিচ্ছে সরকার
  • বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের জন্য আরও খুশির খবর। আরও বেশি টাকা মহিলাদের জন্য বরাদ্দ করা হচ্ছে। জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনায় বার্ষিক বরাদ্দ ৩৬,০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪৮,০০০ কোটি টাকা করবে। প্রকল্পের আওতায় সমস্ত যোগ্য মহিলাকে নিয়ে আসতে এই অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন। একথা ঘোষণা করেছেন তিনি। 

কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রকল্পের জন্য বাজেটে প্রাথমিকভাবে ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু উপভোক্তার সংখ্যা বাড়তে থাকায় ওই অর্থ যথেষ্ট হবে না। তাঁর কথায়, 'আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে দায়বদ্ধ। বাজেটে ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করেছিলাম। কিন্তু তা যথেষ্ট হবে না। এই প্রকল্প চালাতে বছরে ৪৮,০০০ কোটি টাকা প্রয়োজন হবে।'

তিনি আরও জানান,ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে এই প্রকল্পের উপভোক্তা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। আরও ১৪ লক্ষ আবেদনের যাচাই-বাছাই চলছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার, মহিলারা মাসে মাসে একই টাকা পেলেও আরও বেশি জন পাবেন।   

প্রশাসনিক আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ অগাস্ট থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছতে শুরু করেছে। যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাচ্ছেন।

এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া ১ কোটি ৬৬ লক্ষ আবেদনের যাচাই ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ১০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়া বাকি ১৪ লক্ষ আবেদনের যাচাই চলছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তার টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

এদিকে, যেসব যোগ্য মহিলা এখনও উপভোক্তার তালিকায় জায়গা পাননি, তাঁদের জন্য আগামী ২০ অগাস্ট একটি নতুন পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালের মাধ্যমে তাঁরা নতুন করে আবেদন করতে পারবেন। প্রশাসন আবেদনগুলি খতিয়ে দেখবে এবং যাচাইয়ের পর যোগ্য আবেদনকারীদের উপভোক্তার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

একই সঙ্গে আর্থিকভাবে স্বচ্ছল বা যাঁদের এই অর্থের প্রয়োজন নেই, এমন মহিলারা কীভাবে প্রকল্পের সুবিধা পেয়েছেন, সেই বিষয়টিও খতিয়ে দেখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, 'যাঁদের এই টাকার প্রয়োজন নেই, তাঁরা যেন অন্য একজনের এই সুবিধা পাওয়ার সুযোগ করে দেন, এটাই আপনাদের কাছে আমার আবেদন।' 
 

Read more!
Advertisement
Advertisement