
শহরে তাপমাত্রার পারদ নিম্নমুখী। ভোর হলেই ঠান্ডা আমেজ। শীতের অপেক্ষায় মুখিয়ে সকলেই। কিন্তু এর মাঝেই দুঃসংবাদ। নতুন করে বৃষ্টির পূর্বাভাস নিয়ে এসেছে আলিপুর আবহাওয়া দফতর। ওয়েদার বুলেটিন জানান দিচ্ছে, নতুন করে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কালীপুজো অর্থাৎ রবিবার বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও তারপরই তুমুল বদলাবে আবহাওয়া। সোমবার থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১০ই নভেম্বর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উপ হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিম এবং সংলগ্ন অঞ্চলের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি উচ্চতায় অবস্থানরত ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। তবে এ ছাড়া পশ্চিমবঙ্গের স্থলভাগে আর কোনও উল্লেখযোগ্য আবহাওয়াগত পরিস্থিতি নেই।
কলকাতার আবহাওয়া
৯ নভেম্বর পর্যন্ত কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে। এরপর ১১ই নভেম্বর পর্যন্ত ৩ দিন হাল্কা বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু কমে ২১.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা এই সময়ে স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা এদিন থাকবে ৯৬ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নামার সম্ভাবনা রয়েছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সোমবার থেকে বৃষ্টি হবে। মোটের উপর শুষ্কই থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সতর্কতা নেই।