
ভোরের দিকে শিরশিরানি, রাতে কেটেছে গুমোট ভাব। আচমকাই হাওয়া বদল হচ্ছে বঙ্গে। বৃষ্টি হলেও আবহাওয়া যেন ইঙ্গিত দিচ্ছে শীত আর বেশি দেরি নেই। তবে কি কালীপুজো-দীপাবলিতে ঠান্ডা আমেজ পাবে বাংলা? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
শীত নিয়ে কৌতুহলের মাঝেই রাজ্যবাসীকে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, আগামী ৯ নভেম্বর, অর্থাৎ কালীপুজোর পরদিন থেকে ফের ঝেঁপে বৃষ্টি নামবে।
তবে ধনতেরাস অর্থাৎ ৬ নভেম্বর থেকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, ২০ ডিগ্রির নীচে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আকাশ মূলত পরিষ্কার থাকবে। ভোরের দিকে হাল্কা কুয়াশা থাকবে। আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও বাতাসে সামান্য আর্দ্রতা থাকবে বলে পূর্বাভাস এই আবহবিদের। তবে তিনি ব্যাখ্যা দিয়েছেন, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা জোরালো। এর প্রভাবে উত্তুরে শীতল হাওয়া বাধাহীনভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। ফলে দক্ষিণবঙ্গে শীতের প্রথম আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া সহ প্রতিটি জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এদিন কলকাতা শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে। রবিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। সপ্তাহান্তে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।