
ঠিক যেন বলিউড ফিল্ম। স্পেশাল ২৬-এর কায়দায় ভুয়ো CBI হানা। তাও একেবারে নিজাম প্য়ালেসে। সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিক পরিচয় দিয়ে স্টাফ সিলেকশন কমিশনের (SSC) এই অফিস থেকে নিয়োগ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য হাতানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের জালে ৩। সোমবার দুপুর আড়াইটা নাগাদ এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্তদের মধ্যে দু'জনের নাম বিপ্রর্ষি বসু এবং শুভম সাগর তাঁতি। তাঁরা সোমবার দুপুরে এজেসি বোস রোডের কেন্দ্রীয় সরকারি ভবন নিজাম প্যালেসে পৌঁছন। তাঁদের ব্যবহৃত গাড়িটি ছিল একটি টাটা নেক্সন (WB17D1977)। গাড়িটিতে 'গভর্নমেন্ট অফ ইন্ডিয়া' লেখা ছিল। পাশাপাশি, সেটিকে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা ডিএসপি-র সরকারি গাড়ি হিসেবেও দেখানো হয়েছিল।
জানা গিয়েছে, ওই ভুয়ো আধিকারিকরা প্রথম এমএসও বিল্ডিংয়ের আটতলায় SSC-র দফতরে পৌঁছন। সেখানে বিপ্রর্ষি বসু নিজেকে সিবিআইয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এবং শুভম সাগর তন্তি নিজেকে সিবিআইয়ের সাব-ইনস্পেক্টর বলে পরিচয় দেন। তাঁরা জাল সিবিআই পরিচয়পত্র এবং ভুয়ো প্রার্থীদের নথিপত্র দেখিয়ে সরকারি তদন্তের অজুহাতে গোপন প্রশাসনিক তথ্য ও নিয়োগ সংক্রান্ত রেকর্ড দেখতে চান বলে দাবি।
তবে তাঁদের কথাবার্তার ধরনে সন্দেহ হয় SSC আধিকারিকদের। তাঁরাও পাল্টা জিজ্ঞাসাবাদ শুরু করেন। আর তাতেই পর্দাফাঁস হয় ভুয়ো তদন্তের। প্রতারকরা নিজেদের উপস্থিতির সঠিক কারণ, এমনকি বৈধ অনুমোদন দেখাতেও পারেনি। অবশেষে পরিচয়পত্র ও নথি জাল করার কথা স্বীকার করে তাঁরা। এরপরেই পুলিশে খবর দেওয়া হলে, দ্রুত পুলিশ এসে তাঁদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে ভবানীপুর থানায় ২৬৯ নম্বর মামলা রুজু করেছে পুলিশ। BNS-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধারাগুলি হল ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৪০(২), ৩৩৯, ৩১৮(২), ৩১৯(২), ২০৪, ২০৫ এবং ৬১(২)। এই ধারাগুলি জালিয়াতি, ফ্রড, ভুয়ো পরিচয় দেওয়া এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো অভিযোগের সঙ্গে যুক্ত।
পরবর্তীতে প্রধান অভিযুক্ত বিপ্রর্ষি বসুকে জিজ্ঞাসাবাদ করে নিজাম প্যালেস চত্বর থেকে ওই গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি, এই ঘটনায় জড়িত আরও এক অভিযুক্ত পল্লব মণ্ডলকে গ্রেফতার করা হয়। ধৃত তিনজনের কাছ থেকে জাল সিবিআই ব্যাজ, ভুয়ো এসএসসি সংক্রান্ত নথি এবং অন্য সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়েছে।