Advertisement

Dim Bhat on 21st July: ঋতব্রত শিবিরের একুশের মেনুতে নেই 'ডিম-ভাত', কংগ্রেস কী খাওয়াবে? bangla.aajtak.in খোঁজ নিল

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তৃণমূলের সমস্তরকম রাজনৈতিক কর্মসূচিতে খাবারের মেনু হিসেবে ডিম-ভাতকে বেছে নেওয়া হয়েছিল। দলনেত্রীর ইচ্ছেতেই এমনটা হয়েছিল। ২১ জুলাইয়ের সমাবেশে আগত কর্মীদের জন্যও এই ডিমের ঝোল আর ভাতের ব্যবস্থা করা হত। কিন্তু ভোট পরবর্তী বাংলার পরিস্থিতি পাল্টে গিয়েছে। দুই ভাগে বিভক্ত তৃণমূল শিবির।

এবারের একুশে মিসিং 'ডিম-ভাত'?এবারের একুশে মিসিং 'ডিম-ভাত'?
সুমনা সরকার
  • কলকাতা,
  • 15 Jul 2026,
  • अपडेटेड 1:34 PM IST


 ২১ জুলাইকে ঘিরে রাজ্যের রাজনৈতিক লড়াই  তীব্র হয়ে উঠেছে।  তিনপক্ষের দড়ি টানাটানি চলছে। মেয়ো রোডে সমাবেশ করবে 'ঋতব্রত-তৃণমূল'। অন্য়দিকে মমতাপন্থী তৃণমূলকে পুলিশ জানিয়ে দিয়েছে, সভা করতে হবে ব্রিগেড বা হাজরা মোড়ে। যদিও, মমতাপন্থী-তৃণমূল এই প্রস্তাবে রাজি নয়। তারা ভিক্টোরিয়া হাউস বা ডোরিনা ক্রসিংয়ে সমাবেশ করতে চায়।  শহিদ-স্মরণে আলাদা সমাবেশ করছে কংগ্রেসও।  শহিদ মিনারে বড় করে ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন করবে কংগ্রেস। তিন পক্ষের এই সমাবেশে যোগ দিতে রাজ্যের নানা প্রান্ত থেকে আসবেন কর্মী -সমর্থকরা। তাঁদের জন্য থাকবে খাবারের ব্যবস্থা। এবারও কি ডিম-ভাত থাকছে মেনুতে? কী খাওয়াবে ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেস শিবির?  bangla.aajtak.in তার খোঁজ নিল।

প্রসঙ্গত, এতদিন তৃণমূল কংগ্রেসের মিটিং-সমাবেশ হলেই 'ডিম-ভাত'  এই শব্দ  ঘুরে ফিরে চলে এসেছে বাংলার রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন  তৃণমূলের সমস্তরকম রাজনৈতিক কর্মসূচিতে খাবারের মেনু হিসেবে ডিম-ভাতকে বেছে নেওয়া হয়েছিল। দলনেত্রীর ইচ্ছেতেই এমনটা হয়েছিল।  ২১ জুলাইয়ের সমাবেশে আগত কর্মীদের জন্যও এই ডিমের ঝোল আর ভাতের ব্যবস্থা করা হত। কিন্তু ভোট পরবর্তী বাংলার পরিস্থিতি পাল্টে গিয়েছে। দুই ভাগে বিভক্ত তৃণমূল শিবির। ঋতব্রত-তৃণমূল মেয়ো রোডে ২১ জুলাইয়ের সমাবেশ করবে। তারাও কি কর্মীদের জন্য পাতে রাখবে ডিম ভাত? এই নিয়ে  bangla.aajtak.in চন্দ্রিমা ভট্টাচার্য জানান, 'আলাদা করে মেনুতে ডিম ভাতের কোনও ব্যবস্থা রাখা হচ্ছে না। এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।' অর্থাৎ ঐতিহ্য মেনে এবারের ২১ জুলাইয়ের সমাবেশে তৃণমূলকর্মীদের পাতে থাকবে না 'ডিম-ভাত'। পাশাপাশি  চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ঋতব্রত-তৃণমূলের ২১-এর মঞ্চে শহিদ পরিবার নিয়েও থাকবে চমক।

এদিকে দীর্ঘ কয়েক দশক পরে বিধান ভবন থেকে বেরিয়ে প্রদেশ কংগ্রেস এবার শহিদ দিবস পালন করবে।  এবার শহিদ মিনারে বড় করে ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন করছে কংগ্রেস। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আহ্বান জানানো হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, 'শহিদ মিনার চত্বরে দাঁড়িয়ে আমরা মমতাকে আহ্বান করছি, তাঁর যদি সৎ সাহস থাকে, তা হলে নিশ্চয়ই ইতিহাস বিকৃত করবেন না। এই শহিদ মঞ্চে এসে ভুল করেছিলেন, ভুল সিদ্ধান্ত হয়েছিল সেটা বলবেন। কারণ, সেই সময় পতাকাটা ছিল যুব কংগ্রেসের চক্রের পতাকা, কংগ্রেসের হাতের পতাকা। সেই পতাকার সম্মান যাঁরা রাখতে পারেন, যে কোনও জায়গায় রাজনীতিতে তাঁদের উচ্চতা অনেক বেশি হয়।' এবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মীরা আসছেন শহিদ দিবস পালন করতে। কংগ্রেস কর্মীদের পাতে কি থাকবে তৃণমূলের আইকনিক 'ডিম-ভাত'? প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী bangla.aajtak.in-কে জানিয়েছেন, 'রাজ্যের নানা প্রান্ত বিশেষ করে উত্তরবঙ্গে থেকে আসা কর্মীদের জন্য সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার, সবকিছুর ব্যবস্থা থাকবে। রাতে থাকার জন্য ধর্মশালার ব্যবস্থা করা হয়েছে। ধর্মশালায় নিরামিষ খাবারই দেওয়া হবে। তবে কিছু কিছু জায়গায় ডিম-ভাতও থাকবে মেনুতে।'

Advertisement

শহিদ মিনারে প্রদেশ কংগ্রেসের অনুষ্ঠানে এবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বও আসতে পারে বলে জানান সুমন রায়চৌধুরী। থাকবেন শহিদ পরিবারের সদস্যরাও। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।  প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, এ বছর তারা শহিদ মিনারের পাদদেশে শহিদদের স্মৃতিতর্পণ করবে ৷ কর্মসূচিতে থাকবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির এবং অন্য সামাজিক উদ্যোগ ৷
 

Read more!
Advertisement
Advertisement