Advertisement

Mamata Banerjee New Logo: ফুলকপি, আপেল, চিরুনি না বালতি... এই সব প্রতীকই আপাতত মমতার জন্য অপশন

জোড়াফুল প্রতীক ফ্রিজ করে নিয়েছে নির্বাচন কমিশন। হাতছাড়া হয়েছে 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' নামটিও। শুক্রবার সকাল ১১টার মধ্যে নতুন নাম ও প্রতীক জানাতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনের ১৮৪টি মুক্ত প্রতীকের তালিকা থেকেই বেছে নিতে হবে দু'পক্ষকে। কোন কোন লোগো রয়েছে এই তালিকায়?

কোন প্রতীক বেছে নেবেন মমতা? কোন প্রতীক বেছে নেবেন মমতা?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Sep 2026,
  • अपडेटेड 9:11 AM IST
  • জোড়াফুল প্রতীক ফ্রিজ করে নিয়েছে নির্বাচন কমিশন
  • ১৮৪টি মুক্ত প্রতীকের তালিকা থেকেই বেছে নিতে হবে
  • কোন কোন লোগো রয়েছে এই তালিকায়?

জোড়াফুল প্রতীক ফ্রিজ করে নিয়েছে নির্বাচন কমিশন। হাতছাড়া হয়েছে 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' নামটিও। আপাতত নির্বাচনে লড়তে গেলে অন্য প্রতীক এবং নাম বেছে নেওয়া ছাড়া উপায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে ঋতব্রত শিবিরের হাতেও আসেনি নাম বা প্রতীক কোনওটাই। সাধের জোড়াফুলের বদলে এবার কোন প্রতীক বেছে নেবে দুই শিবির? 

উল্লেখ্য, শুক্রবার সকাল ১১টার মধ্যে নতুন নাম ও প্রতীক জানাতে হবে নির্বাচন কমিশনকে। কমিশনের সিদ্ধান্ত অপছন্দ হলেও রেজিনগর এবং নন্দীগ্রাম উপনির্বাচনে লড়তে গেলে আপাতত প্রতীক বদল ছাড়া উপায় নেই মমতা এবং ঋতব্রত শিবিরের। তবে নিজের পছন্দ মতো লোগো বেছে নেওয়ার কোনও সুযোগই নেই তাদের। নির্বাচন কমিশনের ১৮৪টি মুক্ত প্রতীকের তালিকা থেকেই বেছে নিতে হবে দু'পক্ষকে। ৩টি করে প্রতীক ও নাম কমিশনে জমা করতে পারবে তারা। সিলমোহর পড়বে একটিতে। 

 ‘জোড়াফুল’ এত দিন তৃণমূলের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত, উপনির্বাচনে তার বদলে ভোটারদের সামনে আসতে পারে সম্পূর্ণ অপরিচিত কোনও চিহ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সাধের জোড়াফুল হারিয়ে কোন প্রতীক বেছে নিতে পারেন, সেদিকেই তাকিয়ে সকলে। ঋতব্রত শিবিরই বা কী বেছে নেবে, তা নিয়েও রয়েছে কৌতুহল। 

প্রতীক শুধু ব্যালটের চিহ্ন নয়, প্রচারের ভাষা এবং ভোটারকে নিজের প্রার্থী চিনিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে কমিশনের মুক্ত প্রতীকগুলির মধ্যে কোনটি যথাযথ হয়ে উঠবে মানুষের সমর্থন পাওয়ার ক্ষেত্রে, তা নিয়ে কাটাছেঁড়া চলছে দুই শিবিরেই। 

কী কী প্রতীক বিকল্প হতে পারে?
নির্বাচন কমিশনের মুক্ত প্রতীকের তালিকায় রয়েছে আলমারি, AC, অটো, বেলুন, ব্যাট, ফলের ঝুড়ি, টর্চ, বেল্ট, ব্ল্যাকবোর্ড, বোতল, পাউরুটি, স্যুটকেস, ঝাঁটা, চিরুনি, বালতি, কেক, ক্যালকুলেটর, ক্যামেরা, মোমবাতি, ক্যারামবোর্ড, কারপেট, গাজর, ফুলকপি, পাখা, দাবারবোর্ড, নারকোল, খাটিয়া, কাপ প্লেট, দাঁ, ডিজেল পাম্প, ডিশ অ্যান্টেনা, পালকি, ইলেকট্রিক খুঁটি, বাঁশি, ফ্রাইং প্যান, গ্যাস সিলিন্ডার, গ্যাস ওভেন, গ্লাস, আঙুর, হারমোনিয়াম, টুপি, হেলমেট, হকি স্টিক, আইসক্রিম, ইস্ত্রি, কেটলি, ঘুঁড়ি, লেডিস ব্যাগ, লেটার বক্স, মিক্সি, নেল কাটার, টাই, পেন স্ট্যান্ড, প্রেশার কুকার, ফ্রিজ, আংটি, করাত, স্কুল ব্যাগ, কাঁচি, সেলাই মেশিন, স্লেট, স্টেথোস্কোপ, টুল, টেবিল, টেবিল ল্যাম্প, টেলিফোন, টিভি, টুথব্রাশ, বেহালা, ছড়ি, জানলা, চুড়ি, আপেন, কম্পিউটার, দূরবীন, CCTV, কেক, বিস্কুট, ক্যাপসিকাম, কানের দুল ইত্যাদি। 

Advertisement

কেন প্রতীক ফ্রিজ করল কমিশন?
রেজিনগরে একই দলের প্রার্থী হিসেবে দু’জন মনোনয়ন জমা দিয়েছেন। অরূপ রায়ের স্বাক্ষরিত ‘ফর্ম বি’ নিয়ে মনোনয়ন দিয়েছেন সফিউজ্জামান শেখ। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রবিউল আলম চৌধুরী। নন্দীগ্রামেও অরূপ রায়ের অনুমোদিত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এহতেশমুল হক। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত ‘ফর্ম বি’ নিয়ে প্রার্থী হয়েছেন সঞ্চিতা প্রধান দে। একই দলের নাম ও প্রতীক দাবি করে প্রতিদ্বন্দ্বী শিবিরের প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ায় রিটার্নিং অফিসারদের সামনে জটিলতা তৈরি হয়। কার ‘ফর্ম বি’ বৈধ এবং কে তৃণমূলের সরকারি প্রার্থী, সেই নিয়ে সিদ্ধান্তের প্রয়োজন হয়ে পড়ে। পর্যাপ্ত সময় কমিশনের হাতে ছিল না। উপনির্বাচনের মনোনয়ন, যাচাই, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের নির্দিষ্ট আইনি সময়সীমা রয়েছে। তাই দলের নাম ও প্রতীক ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২৮ বছর আগে ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের জন্ম। ‘ঘাসের উপর জোড়াফুল’ প্রতীক এঁকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। যদিও এই নিয়ে দ্বিমত রয়েছে। জনৈক শিল্পীর দাবি, এটি তাঁর আঁকা। দল দু’ভাগে ভাগ হয়ে যাওয়ার পর এই প্রতীক নিয়ে ঋতব্রত বনাম কালীঘাট পন্থী তৃণমূলের মধ্যে দীর্ঘদিন ধরে টানটান লড়াই চলছিল। বৃহস্পতিবার সেই প্রতীক-যুদ্ধের যবনিকা পতন করল নির্বাচন কমিশন। আপাতত কমিশনের অন্তর্বর্তী নির্দেশে এই জোড়াফুল প্রতীক কারওই নয়। 

 

Read more!
Advertisement
Advertisement