Advertisement

TMC vs TMC: আসল তৃণমূল কারা? এবার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার মুখে, কমিশন দুপক্ষকেই ডাকল

কে আসল তৃণমূল, এই নিয়ে বিবাদ এখনও চলছে। এ বার নিষ্পত্তি করতে উদ্যোগী হল নির্বাচন কমিশন। শুক্রবার দুই পক্ষকেই ডেকে পাঠানো হয়েছে। মমতা তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Nov 2026,
  • अपडेटेड 10:37 AM IST
  • কে আসল তৃণমূল, এই নিয়ে বিবাদ এখনও চলছে
  • দুই পক্ষকেই ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন
  • উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের দলীয় পরিচয় ও প্রতীক নিয়ে বিবাদ অব্যাহত। এই বিবাদ মেটাতে এ বার উদ্যোগী হল নির্বাচন কমিশন (ECI)। ২৭ নভেম্বর, শুক্রবার দুই পক্ষকেই অর্থাৎ মমতা তৃণমূল এবং ডেমোক্রেটাকি তৃণমূলের প্রতিনিধিদের কমিশনের দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুই শিবিরকে আলাদা আলাদা সময়ে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। একটি পক্ষ দুপুর ৩টের সময় হাজির হবে, অন্য পক্ষকে বিকেল ৪টের সময় ডাকা হতে পারে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা তৃণমূলের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, দলের প্রকৃত দাবিদার হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় নথি ও হলফনামা জমা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির। দলের বিভিন্ন শাখা সংগঠন, কমিটি, রাজ্য ইউনিট এবং সাংগঠনিক কাঠামো সংক্রান্ত একাধিক নথি কমিশনের কাছে পাঠানো হয়েছে। এমনকী বিপুল পরিমাণ নথি ট্রাকে করে নির্বাচন কমিশনের দফতরে পাঠানো হয়েছে বলেও দাবি করা হয়েছে।

তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী শিবিরের দাবি, দলের উপর নিজেদের বৈধ অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্যপ্রমাণ তারা কমিশনের কাছে জমা দিয়েছে। শুক্রবারের শুনানিতে সেই নথিপত্রের ভিত্তিতেই নিজেদের বক্তব্য তুলে ধরবে তারা। পাশাপাশি, শুনানির সময়ে কমিশনের তরফে অতিরিক্ত কোনও নথি চাওয়া হলে তা জমা দেওয়ার জন্যও প্রস্তুত রয়েছে দল।

এই বিতর্কের দ্রুত নিষ্পত্তির বিষয়ে সুপ্রিম কোর্টও আগে পরামর্শ দিয়েছিল। দল এবং নির্বাচনী প্রতীক নিয়ে চলা বিবাদের দ্রুত অবসান ঘটানোর কথা বলেছিল শীর্ষ আদালত। সেই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার, দুই পক্ষের বক্তব্য ও জমা দেওয়া নথি খতিয়ে দেখে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়। তৃণমূলের দলীয় পরিচয় এবং প্রতীক সংক্রান্ত এই বিবাদের নিষ্পত্তির দিকে এখন নজর রাজনৈতিক মহলের।

 

Read more!
Advertisement
Advertisement