
শনিবার প্রথম সপ্তমীতে কলকাতাসহ জেলায় জেলায় বিক্ষিপ্ত ভাবে চলেছে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের পাশাপাশি, দক্ষিণবঙ্গের একাধিক জেলাও ভিজেছে শনিবার। কিন্তু রবিবার আবহাওয়া কেমন থাকবে?IMD-র তরফে কী জানানো হল, জেনে নেওয়া যাক
কলকাতায় আবহাওয়া কেমন থাকবে?
IMD-র পূর্বাভাস বলছে, কলকাতার আকাশ আজ সাধারণত মেঘলা থাকবে। হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬২ শতাংশ। ১৭ অক্টোবর সকাল সাড়ে ৬টা থেকে ১৮ অক্টোবর সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় ৭.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার দু-একটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে IMD। অন্যদিকে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উল্লেখ্য, গতকাল দক্ষিণবঙ্গের এক বা দুটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। আবার উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থেকে উল্লেখযোগ্যভাবে বেশি ছিল বলে জানিয়েছে IMD।