
টলিউড তারকাদের রাজনীতিতে আসা ও যাওয়া কোনও নতুন ঘটনা নয়। এবারও তার ব্যতিক্রম হল না। ঘটা করে দিল্লি উড়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন টলিউড অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। কিন্তু এবার তিনি রাজনীতি ছাড়ছেন। নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে নিজেই সেকথা জানালেন অভিনেত্রী।
ফেসবুক পোস্ট অভিনেত্রীর
ফেসবুক পোস্টে কাঞ্চনা লিখেছেন, ‘কাজ ও পরিবারকে সময় দিতে চাই। তাই দল ও রাজনীতিকে আপাতত বিদায় জানালাম।’ প্রসঙ্গত, ২০১৯ সালের জুলাই মাসে দিল্লিতে গিয়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন কাঞ্চনা মৈত্র। সঙ্গে ছিলেন টলিপাড়ার আরও অনেক তারকা মুখ। মোট ১২ জনের একটি তারকা দল ১৮ জুলাই দিল্লিতে উড়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিল। তখন থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে অটুট সম্পর্ক ছিল অভিনেত্রীর।
দিল্লিতে গিয়ে বিজপিতে যোগ
অতীতে বহু কর্মসূচীতেও কাঞ্চনাকে যোগদান করতে দেখা গিয়েছে। তবে এখন মনোভাব বদল করেছেন অভিনেত্রী। অভিনয় ও পরিবারকে সময় দিতে চাইছেন আর তাই বিজেপি থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। এক সাক্ষাৎকারে কাঞ্চনা জানান যে শুধু বিজেপিই নয়, তিনি পুরো রাজনীতিকেই বিদায় জানিয়েছেন আপাতত। আর এই সিদ্ধান্ত একদিনের নয়, অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্তে তিনি এসেছেন। কাঞ্চনা জানান যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সেই অনুযায়ী কাজ করতে হয়।
অন্য কোনও দলে যোগ দিচ্ছেন না আপাতত
রাজনীতির আঙিনায় কাঞ্চনার প্রথম দল বলতে বিজেপি। এর আগে অভিনেত্রী কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে বিজেপি ছাড়ার পর তিনি কি তৃণমূলে যোগ দেবেন এই জল্পনা-কল্পনার মাঝেই অভিনেত্রী জানিয়েছেন যে তিনি নিজেও জানেন না ভবিষ্যতে কী হতে চলেছে। কাঞ্চনা জানান যে তিনি কোনও দিন ভাবেননি রাজনীতি করবেন কিন্তু সেটা করেছেন কর্মীদের মতো করেই। আগামী দিনে কী হবে তা তাঁর নিজেরও জানা নেই। প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হচ্ছে ফাগুনের মোহনা সিরিয়াল, যেখানে কাঞ্চনা মৈত্রকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।