
৩ মার্চ, মঙ্গলবার আকাশে দেখা মিলবে পূর্ণ চন্দ্রগ্রহণের। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে এবং শেষ হবে সন্ধে ৬টা ৪৮ মিনিটে। পূর্ণগ্রাস বা সম্পূর্ণ পর্ব শুরু হবে বিকেল ৪টা ৩৪ মিনিটে এবং শেষ হবে বিকেল ৫টা ৩৩ মিনিটে। গ্রহণের তীব্রতা ১.১৫৫।
কলকাতায় নির্ধারিত রয়েছে সন্ধে ৫টা ৩৯ মিনিটে। ফলে শহরবাসী চাঁদ ওঠার সময়ই গ্রহণাবস্থায় চাঁদ দেখতে পাবেন। এরপর প্রায় এক ঘণ্টা, অর্থাৎ সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট পর্যন্ত গ্রহণের শেষ পর্ব দৃশ্যমান থাকবে।
উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকেও পূর্ণগ্রাসের শেষাংশ দেখা যেতে পারে। তবে দেশের বেশিরভাগ জায়গায় চন্দ্রোদয়ের সময় গ্রহণের সমাপ্তি পর্যায়ই চোখে পড়বে।
ভারতের বাইরে পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আমেরিকার বিস্তীর্ণ অংশ থেকেও এই গ্রহণ দেখা যাবে।
আবহাওয়া দফতরের ব্যাখ্যায় বলা হয়েছে, পূর্ণিমার দিনে যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে আসে, তখন চন্দ্রগ্রহণ ঘটে। যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় ঢেকে যায়, তখন তাকে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয়।
উল্লেখ্য, ভারত থেকে শেষবার পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ২০২৫ সালের ৭ ও ৮ সেপ্টেম্বর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারত থেকে পরবর্তী গ্রহণ দেখা যাবে ২০২৮ সালের ৬ জুলাই, সেটি হবে আংশিক চন্দ্রগ্রহণ।