
নিউটাউন টেকনোসিটি থানার বালিগরি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। আজ তক বাংলায় ফাঁস হল বাংলাদেশিদের তুরস্কের ভিসা দেওয়ার চক্র। বিভিন্ন দেশের ভিসা পাইয়ে দেওয়ার নাম করে নানা ব্যক্তিদের ডেকে আটকে রেখে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করল নিউটাউন টেকনোসিটি থানার পুলিশ।
জানা গিয়েছে, সোমবার রাতে টেকনোসিটি থানার পুলিশের কাছে খবর আসে, বালিগরি এলাকায় একটি অ্যাপার্টমেন্টে দুই বাংলাদেশি নাগরিককে আটকে রাখা হয়েছে। খবর পেয়েই তড়িঘড়ি পুলিশ গিয়ে দুজন বাংলাদেশিকে উদ্ধার করে এবং অপর দুজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বাংলাদেশ থেকে যারা মেডিক্যাল ভিসাতে আসত তাঁদেরকে টার্গেট করত এই প্রতারকরা। তাঁদের বিভিন্ন দেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে ভিসা করিয়ে দেওয়ার নাম করে নির্দিষ্ট স্থানে ডেকে তারপর আটকে রেখে মোটা টাকার দাবি করত।
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, যে দুই বাংলাদেশিদের উদ্ধার করা হয়েছে। গত শনিবার থেকে তাঁদের আটকে রাখা হয় বলে অভিযোগ। ওই ব্যক্তিদের তুরস্কে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন ছিল। তুরস্কের ভিসা দেওয়ার নাম করেই তাঁদেরকে ডেকে পাঠানো হয়েছিল। এরপরই তাঁদেরকে আটক করা হয়।
পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার গ্রেফতার করা দুই বাংলাদেশিকে বারাসাত আদালতে তোলা হয়। এরপর তাঁদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
-অরিন্দম ভট্টাচার্য