Advertisement

মেট্রোয় অসভ্যতা বরদাস্ত নয়, গালাগালাজ করলেই ফাইন, আরও একাধিক নয়া বিধি

দূরপাল্লার ও লোকাল ট্রেনের পর এবার কলকাতা মেট্রোতেও কড়া হচ্ছে জরিমানার বিধি। বিনা টিকিটে যাতায়াত, মেট্রো চত্বরে ধূমপান, অশোভন আচরণ কিংবা নিষিদ্ধ এলাকায় প্রবেশ, এ ধরনের বিভিন্ন অপরাধে আগের তুলনায় অনেক বেশি জরিমানা গুনতে হবে যাত্রীদের।

কলকাতা মেট্রো।-ফাইল ছবিকলকাতা মেট্রো।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2026,
  • अपडेटेड 2:24 PM IST
  • দূরপাল্লার ও লোকাল ট্রেনের পর এবার কলকাতা মেট্রোতেও কড়া হচ্ছে জরিমানার বিধি।
  • বিনা টিকিটে যাতায়াত, মেট্রো চত্বরে ধূমপান, অশোভন আচরণ কিংবা নিষিদ্ধ এলাকায় প্রবেশ, এ ধরনের বিভিন্ন অপরাধে আগের তুলনায় অনেক বেশি জরিমানা গুনতে হবে যাত্রীদের।

দূরপাল্লার ও লোকাল ট্রেনের পর এবার কলকাতা মেট্রোতেও কড়া হচ্ছে জরিমানার বিধি। বিনা টিকিটে যাতায়াত, মেট্রো চত্বরে ধূমপান, অশোভন আচরণ কিংবা নিষিদ্ধ এলাকায় প্রবেশ, এ ধরনের বিভিন্ন অপরাধে আগের তুলনায় অনেক বেশি জরিমানা গুনতে হবে যাত্রীদের।

জন বিশ্বাস আইন, ২০২৬-এর আওতায় কলকাতা মেট্রোয় নতুন জরিমানার হার কার্যকর করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

নতুন নিয়ম অনুযায়ী, বিনা টিকিটে মেট্রোয় ধরা পড়লে আগের ২৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। একইভাবে কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্ব ভ্রমণ করা কিংবা একজন যাত্রীর সঙ্গে আরেকজনের গেট পার হয়ে বেরিয়ে যাওয়ার ঘটনাকেও বিনা টিকিটে যাত্রা হিসেবে গণ্য করা হবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কোচ, প্ল্যাটফর্ম বা ভূগর্ভস্থ স্টেশন, মেট্রোর কোনও অংশেই ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম ভাঙলে ২,০০০ টাকা জরিমানা করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট যাত্রীর টিকিট বা স্মার্ট কার্ডও বাজেয়াপ্ত করা হতে পারে। কেউ জরিমানা দিতে অস্বীকার করলে তাঁকে আদালতে হাজির করা হবে, যেখানে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

মদ্যপ অবস্থায় অন্য যাত্রীদের বিরক্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় শাস্তির বিধান রয়েছে। এ ছাড়া মেট্রো চত্বরে অশালীন ভাষা ব্যবহার, অশোভন আচরণ বা অন্য যাত্রীদের অসুবিধার কারণ হলে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির টিকিট বা পাস বাতিল করারও ক্ষমতা থাকবে কর্তৃপক্ষের।

শুধু যাত্রীদের জন্যই নয়, মেট্রো কর্মীদের জন্যও রয়েছে কড়া বিধান। দায়িত্ব পালনকালে কোনও কর্মী মদ্যপ অবস্থায় ধরা পড়লে তাঁর বিরুদ্ধে এক বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয় শাস্তির ব্যবস্থা রয়েছে। এ ছাড়া অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা অন্য কোনও নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা করা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় শাস্তি হতে পারে।

Advertisement

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আবেদন, নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সব যাত্রী যেন নিয়ম মেনে চলেন এবং মেট্রো প্রশাসনকে সহযোগিতা করেন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়ম সম্পর্কে যাত্রীদের সচেতন করতে ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনে প্রচার শুরু হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement