
লন্ডনের টেমস নদীর ধাঁচে এবার হুগলি নদীতে ওয়াটার ট্যাক্সি। ইতিমধ্যে এ ব্যাপারে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানালেন রাজ্য পরিবহণমন্ত্রী অর্জুন সিং। আধুনিক ওয়াটার মেট্রো চালু হলে কলকাতার গণপরিবহণের বিকল্প পথ তৈরি হবে বলে তাঁর মত। কবে থেকে শুরু হবে এই মেট্রো? সম্ভাব্য রুটই বা কী?
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় সেই ২০১৭ সালে গণপরিবহণের জন্য ওয়াটার ট্যাক্সির কথা ভাবা হয়েছিল। সেই সময় প্রাথমিকভাবে রুটও ঠিক হয়েছিল। তবে চালু হয়নি। এবার ওয়াটার মেট্রো নিয়ে বড় ইঙ্গিত দিলেন অর্জুন সিং। বলে দিলেন সম্ভাব্য রুটও। ভারতের মধ্যে কেরলমে চলে ওয়াটার মেট্রো। বহু মানুষ এই জলপথ দিয়ে যাতায়াত করেন। এবার কলকাতাতেও তেমন পরিষেবা শুরু করার কথা শুক্রবার ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী। তিনি জানান,'কলকাতা শহরে ওয়াটার ট্যাক্সি আমরা এটা নিয়ে বড় ঘোষণা খুব শীঘ্রই করব। নদীপথে যাতায়াতের ব্যবস্থা না করতে পারলে শহরের গণপরিবহণ ব্যবস্থাকে ঠিক করতে পারবেন না। মুখ্যমন্ত্রীকে আমরা এ নিয়ে একটা রিপোর্ট দেব'।
গঙ্গায় কোন পথে চলবে ওয়াটার ট্যাক্সি?
কলকাতা ও হাওড়ার মধ্যে ইতিমধ্যেই ফেয়ারলি, হাওড়া, শিবপুর, প্রিন্সেপ এবং কাশীপুর-সহ বিভিন্ন ঘাটে ফেরি পরিষেবা চালু রয়েছে। মেটিয়াব্রুজ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চালানোর কথা ভাবা হচ্ছে বলে জানালেন অর্জুন সিং। সেক্ষেত্রে সম্ভাব্য স্টপেজ হতে পারে, মেটিয়াব্রুজ, শিবপুর, হাওড়া, বাবুঘাট, বাগবাজার, বাগবাজার, বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বর।
পর্যটনের উন্নতি
রাজ্যের পরিবহণ দফতরের এক কর্তার কথায়,'ওয়াটার ট্যাক্সি চালানোর মূল উদ্দেশ্য হল নদীপথে বিকল্প ব্যবস্থা তৈরি করা। সেই সঙ্গে পর্যটনকেও আরও আকর্ষণীয় করে তোলা। জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলির মধ্যে জলপথে যাতায়াত করা যাবে'।
কবে নামতে পারে ওয়াটার ট্যাক্সি?
পরিবহণ দফতরের ওই কর্তাই জানালেন,'মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে প্রকল্পের রূপরেখা সংক্রান্ত রিপোর্ট যাবে। তাতে অনুমোদন দেওয়ার পর ওয়াটার ট্যাক্সি কেনার দরপত্র ডাকতে পারে রাজ্য সরকার। তারপর কেনা হলে চালু করা সম্ভব হবে'।
দুর্গাপুজোয় বাস
সামনে দুর্গাপুজো। পুজোর সময় প্রচুর মানুষ রাস্তায় নামেন। প্রথমে থাকে কেনাকাটার ভিড়, পরে পুজোর ঠাকুরদেখা। সে কারণে পুজোর আগে অন্তত ৯০টি বাস নামানোর পরিকল্পনা পরিবহণ দফতরের। পুজোর দিনগুলিতে সারারাত ধরে সরকারি বাস চলবে বলেও জানিয়েছেন পরিবহণমন্ত্রী।