
তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে জোর আলোচনা চলছে। সম্প্রতি ED-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে TMC। আগামী সোমবার এই মামলায় পরবর্তী শুনানি শোনাতে পারে কলকাতা হাইকোর্ট।
তবে তার আগে বড় মন্তব্য করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। শনিবার রাতে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে অর্জুন বলেন, "শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট না। মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বিদেশে থাকা অ্যাকাউন্টগুলিকেও দেশে ফিরিয়ে আনা হবে।"
এর পাশাপাশি রাজ্যে UCC লাগু নিয়ে প্রশ্নের উত্তরে পরিবহন মন্ত্রী বলেন, "গুণ্ডা দমন আইন শীঘ্রই লাগু হবে। অন্যদিকে UCC -ও লাগু হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা দেশেই এই আইন লাগু হবে।"
উল্লেখ্য, রাজ্যে UCC চালু করতে ইতিমধ্যেই ৯ সদস্যের একটি কমিটি তৈরি করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এই কমিটির সদস্যরা অভিন্ন দেওয়ার বিধি বিলের খসড়া পর্যালোচনা করবেন।
পশ্চিমবঙ্গ সরকার ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code বা UCC) নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে শনিবার। সেখানে জানানো হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ৪৪-এ বর্ণিত রাষ্ট্র পরিচালনার নীতির অধীনে নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজ্য সরকার ইতিমধ্যেই ‘The Uniform Civil Code, West Bengal, 2026’ নামে একটি খসড়া বিল তৈরি করা হয়েছে। এই বিলের উদ্দেশ্য হল, রাজ্যের সমস্ত বাসিন্দার জন্য ধর্ম, বিশ্বাস বা সম্প্রদায় নির্বিশেষে ব্যক্তিগত দেওয়ানি আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে একটি বিস্তৃত আইনি কাঠামো গড়ে তোলা। এর আওতায় বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল-সংক্রান্ত উত্তরাধিকার সহ ব্যক্তিগত দেওয়ানি আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে।