
বুধবার ভোরে সূর্যের আলো ফোটার আগে থেকেই বৃষ্টি শুরু কলকাতার একাধিক এলাকায়। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দিনভর মেঘলা আকাশ দেখা যাবে শহরে। বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে কলকাতায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। নভেম্বরের শুরুতে এই আবহাওয়া প্রশ্ন তুলছে, তাপমাত্রা কবে থেকে নিম্নমুখী হবে?
শীত নিয়ে এখনই কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। তবে নভেম্বরের শুরুতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিন হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়।
মঙ্গলবার ভোরে অন্ধ্রপ্রদেশের ওঙ্গলের কাছে আছড়ে পড়ে মুরাসু। তার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার ছুঁয়েছিল বলে আবহাওয়া দফতর জানিয়েছে। তবে এখন সে শক্তি হারিয়েছে। এরপর তেলঙ্গানায় প্রবেশ করে নিম্নচাপে পরিণত হবে মুরাসু। এই পরিস্থিতিতে বুধবার থেকেই বাংলায় আবহাওয়া ছন্দে ফিরতে আরম্ভ করবে বলে জানা যাচ্ছে। কালীপুজো পর্যন্ত ধীরে ধীরে তাপমাত্রার পরিবর্তন হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। রাতের দিকে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। যার ফলে ঠান্ডার অনুভূতি মিলবে বলেই মনে করা হচ্ছে।
যদিও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজোর সময়ে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে।