Advertisement

Weather Forecast: শনি-রবি কেমন থাকবে আবহাওয়া? কলকাতায় বৃষ্টি হবে? চিন্তায় ক্রিকেটভক্তরা

রবিবার সন্ধ্যায় ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের হাইভোল্টেজ ম্যাচ। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে গেলে এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। বৃষ্টি এসে ম্যাচ ভেস্তে দেবে না তো? তাই ওয়েদার আপডেট জানতে মুখিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

ওয়েদার আপডেটওয়েদার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Feb 2026,
  • अपडेटेड 7:21 AM IST
  • রবিবার সন্ধ্যায় বৃষ্টি হবে না তো?
  • টি-২০ বিশ্বকাপে ভারতের ম্যাচ ভেস্তে যাবে না তো?
  • ওয়েদার আপডেট জানতে আগ্রহী ক্রিকেটপ্রেমীরা

দোল পূর্ণিমার আগেই হাঁসফাঁস গরম পড়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রাও বাড়বে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে এই উইকএন্ডের আবহাওয়ার দিকে বিশেষ করে নজর করে ক্রিকেটপ্রেমীদের। কারণ, রবিতে ইডেনে রয়েছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপের খেলা। সেমিফাইনালে যেতে হলে ভারতের কাছে এটা 'ডু অর ডাই' ম্যাচ। ফলে ঝড়বৃষ্টির জেরে ম্যাচ বাতিল হয়ে গেলে অঘটন ঘটে যাবে। কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? 

রবিবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
হাওয়া অফিসের পূর্বাভাস স্বস্তি দিয়েছে ক্রিকেট ভক্তদের। রবিবার কলকাতায় ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৫-৫০ শতাংশ। ফলে ইডেনের পিচে শিশিরও পড়বে না। স্পিন বোলারদের সুবিধাই হবে।   

শনিবার কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিনও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
তবে শুধু কলকাতাই নয়, গোটা দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই শনি ও রবিবার আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে। ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

বাড়বে শুকনো গরম
হাওয়া অফিস জানাচ্ছে, এবার তাপমাত্রা বৃদ্ধিরই পালা। আর নতুন করে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়ে যাবে। মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে গেলেও বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরমও অনুভূত হবে। কয়েক দিনের মধ্যেই বাতাসে উপস্থিত জলীয় বাষ্পর পরিমাণ কমে আগের জায়গায় চলে এলে শুরু হয়ে যাবে শুকনো গরম।

তবে গরমের পিছু পিছু আসবে কালবৈশাখীও। ওড়িশা এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেলে কালবৈশাখীর আবহ তৈরি হবে রাজ্যে। তবে সে পরিস্থিতি আসতে বেশ কিছুটা সময় লাগবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

 

Read more!
Advertisement
Advertisement