Advertisement

Weather Update: একাধিক জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমবে না

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 May 2026,
  • अपडेटेड 9:45 AM IST
  • দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
  • বিশেষ করে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় অস্বস্তিকর গরম থেকে তেমন স্বস্তি মিলবে না বলেই ইঙ্গিত আবহাওয়াবিদদের।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত বর্তমানে সক্রিয় রয়েছে। পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশ থেকে উপকূলীয় ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত। এর সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত। এই সমস্ত আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

অন্যদিকে ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় অস্বস্তিকর গরমের পরিস্থিতি বজায় থাকবে। ওই দুই জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ-সদৃশ পরিস্থিতির সতর্কতা জারি রয়েছে।

উত্তরবঙ্গেও আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দার্জিলিং ও জলপাইগুড়িতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement