
কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টির পর গত পরশু থেকে রোদের দেখা মিলেছে রাজ্যের বিভিন্ন জেলায়। দুপুরের দিকে কলকাতার অনেক অংশে গরমও অনুভূত হচ্ছে। তবে সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ রয়েছে। তবে ঠান্ডা শীঘ্রই জাঁকিয়ে আসছে। কমপক্ষে ৩-৪ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। কবে থেকে?
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২ দিনে পশ্চিমবঙ্গের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এরপর সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ এই দুই তাপমাত্রা যথাক্রমে ১৮ ও ২৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি নেমে ১৫-১৬ ডিগ্রিতে পৌঁছতে পারে। অন্য জেলাগুলিতেও একই হারে নামবে তাপমাত্রা।
আগামী ৭ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এমনকী এই সময়ের মধ্যে বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও। তবে উত্তরবঙ্গের সব জেলার দু-একটি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর জেরে দৃশ্যমানতা কমে ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে থাকতে পারে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অবস্থা বজায় থাকতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। ঝাড়খণ্ড, বিহার এবং বাংলাদেশের উপর দিয়ে সেটি অবস্থান করছে। ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ, গুজরাত ও অসমে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, কলকাতার আবহাওয়া আজ থেকে পুরোপুরি শুষ্ক থাকবে। ধাপে ধাপে কমতে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রাও।
ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে?
শীতের এন্ট্রি হলেও তার স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, ২৯ নভেম্বর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেটি ডিসেম্বরের প্রথমে পরিণত হতে পারে ঘুর্ণিঝড়ে। তবে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা তৈরি হলেও, বাংলায় এর কী প্রভাব পড়বে, তা এখনও সুস্পষ্টভাবে জানায়নি হাওয়া অফিস।