
যত নিয়ম সব খাতায় কলমেই! দিনের পর দিন নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শহরের রাস্তায় হেলমেট ছাড়াই ঘুরে বেড়ান বহু সংখ্যক বাইক আরোহী। কিন্তু রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার হেলমেট না পড়ায় কড়া শাস্তির নিদান দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য পুলিশ। হেলমেট পরা বাধ্যতামূক করা হয়েছে সেখানে। এই আইন যাতে কোনও ভাবেই লঙ্ঘন না হয়, তার জন্য অভিযানেরও নির্দেশ দেওয়া হয়েছ।
কলকাতা শহরের একাধিক জায়গায় বাইক চালকদের বেশিরভাগ হেলমেট ব্যবহার করেন না বলে বারবার অভিযোগ উঠেছে। বিশেষ করে রাতে হেলমেট ছাড়াই দ্রুতগতিতে বাইকে ছুটিয়ে চালকদের দাপট দেখা যায়। এর জন্য একের পর এক দুর্ঘটনা এবং প্রাণহানিও ঘটেছে। বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে তবে নিয়মই সার। পুলিশের চোখ এড়িয়ে দিব্যি হেলমেট ছাড়া যাতায়াত অব্যাহত রয়েছে। তবে এই অবস্থার পরিবর্তনের জন্যই এবার কড়া নির্দেশিকা জারি করল সরকার।
কী বলা হয়েছে সরকারি নির্দেশিকায়?
নবান্ন থেকে রাজ্য পুলিশের একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বাইক চালানোর সময় হেলমেট পরা বাধ্যমূলক করতে বিশেষ অভিযান চালানো হবে। ট্র্যাফিক বিভাগ ও থানাগুলিকে যৌথভাবে অভিযান চালাতে বলা হয়েছে। ADG ট্র্যাফিক নিয়মিত রিপোর্ট সংগ্রহ করবেন। নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, হেলমেট ছাড়া কেউ যাতে বাইক না চালান, তা নিশ্চিত করতে হবে। ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা বলছেন, বাইক চালানোর সময় হেলমেট পরা কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানেন। একটা হেলমেট দুর্ঘটনার সময় চালকের প্রাণ বাঁচাতে পারে। এই নিয়ে প্রচারও করা হয়। তা সত্ত্বেও একাধিক জায়গায় হেলমেট না পরে অনেকে বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তা যাতে না হয়, সেটা নিশ্চিত করতেই এবার কড়া নির্দেশিকা জারি করা হল।
টোল প্লাজা নিয়ে কী নির্দেশ?
মঙ্গলবার রাতে রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে যত অবৈধ টোলপ্লাজ়া এবং টোলগেট রয়েছে, সেগুলি দ্রুত বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গের সব জেলাশাসককে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। রাজ্যের সমস্ত জেলায় যেখানে যেখানে অবৈধ টোলগেট, ড্রপগেট, ব্যারিকেড কিংবা অপারেশনাল কালেকশন পয়েন্ট রয়েছে, সেগুলি যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলতে হবে। এর পাশাপাশি, পুনরায় যাতে এমন কোনও টোলগেট বা ড্রপগেট এবং কালেকশন পয়েন্ট না বসানো হয়, তাও নিশ্চিত করতে হবে। এমন কোনও অবৈধ টোলগেট থেকে যাতে কোনও ভাবেই যাত্রীদের থেকে টাকা না নেওয়া হয়, তা-ও নজর রাখতে হবে সংশ্লিষ্ট জেলাশাসককে।