
ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। কাজের ক্ষেত্রেও দেখা গেল, সেই মেজাজেই রয়েছেন পুলিশ কর্তারা। রবিবার হাওড়ার কুখ্যাত গ্যাংস্টার আকাশ সিংকে অন্তর্বাস, গেঞ্জি পরিয়ে রাস্তা দিয়ে হাঁটিয়ে সেই বার্তাই যেন দিল পুলিশ। ঘটনায় রাজ্যজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পুলিশ অভিযুক্ত অপরাধীদের অন্তর্বাস পরিয়ে প্রকাশ্যে ঘোরানো শুরু করেছে।
জানা গিয়েছে, হাওড়ায় অপরাধ জগতে কুখ্যাত ব্যক্তি হিসেবে পরিচিত আকাশ সিংকে রবিবার পুলিশ একটি পুরনো কেসের তদন্তের জন্য একাধিক সম্ভাব্য অপরাধস্থলে নিয়ে যায়। এই গোটা অভিযানের সময় দেখা যায়, আকাশের পরনে রয়েছে একটি গেঞ্জি ও শর্টস। আর তাঁকে ঘিরে রেখেছে পুলিশ।
আকাশের এমন ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ঘটনায় তৈরি হয় নতুন বিতর্কও। কারণ সম্প্রতি অন্তর্বাস পরিয়ে এক অভিযুক্তকে ঘোরানোর আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। এরপরেই প্রশ্ন উঠছে, অভিযুক্তদের শর্টস ও গেঞ্জি পরিয়ে রাস্তায় বের করে কী বার্তা দিতে চাইছে পুলিশ?
ঘটনার পুনর্গঠন করছে পুলিশ
পুরনো মামলার তদন্তে নতুন করে জোর দিতে ঘটনার পুনর্গঠনের কাজ শুরু করেছে পুলিশ। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মালিপাঁচঘড়া ও গোলাবাড়ি থানার পুলিশ অভিযুক্ত আকাশকে নিয়ে রবিবার একাধিক ‘ক্রাইম স্পট’-এ যায়। সূত্রের দাবি, তদন্তকারীরা খতিয়ে দেখার চেষ্টা করছেন, কীভাবে ক্রাইমের পরিকল্পনা করা হয়েছিল, কারা এতে সহযোগিতা করেছিল এবং গোটা চক্রটি কীভাবে কাজ করত।
আকাশ সিং-এর বিরুদ্ধে কী কী অভিযোগ?
অভিযুক্ত আকাশ সিংয়ের বিরুদ্ধে হাওড়ায় একটি তোলাবাজি চক্র চালানোর অভিযোগ রয়েছে। এছাড়াও এক পুলিশ আধিকারিকের উপর গুলি চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ বর্তমানে এই পুরনো মামলায় তদন্তে জোর দিয়েছে। একই সঙ্গে এই নেটওয়ার্কে কারা যুক্ত রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।