
ফের অক্টিভ নিম্নচাপ। যার জেরে উইকএন্ডে ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে গোটা বাংলায়। ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। সেই সঙ্গে উত্তরবঙ্গতেও ভালই বৃষ্টি হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার ভোর থেকে দফায় দফায় ভিজছে কলকাতা। এমনকী দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি হয়েছে। ভিজছে উত্তরবঙ্গও। তাই আর সময় নষ্ট না করে আবহাওয়ার আইএমডি আপডেট জেনে নিন।
কোথায় রয়েছে নিম্নচাপ?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি অবস্থান করছে উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর, দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে। এই নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। যার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপর। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গে কী হবে?
শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ের মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এক্ষেত্রে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার এক-দুটি জায়গায় ভারী বৃষ্টির (৭–১১ সেমি) সম্ভাবনা রয়েছে। আবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০–৪০ কিমি বেগে দমকা হওয়ার সম্ভাবনা প্রবল।
১২ ও ১৩ সেপ্টেম্বর, উইকএন্ডের আবহাওয়া
শনি এবং রবিবার, অর্থাৎ উইকএন্ডে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
১৩ থেকে ১৮ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
এই সময় বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। তবে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও কোথাও ভারী বৃষ্টির অ্যালার্ট আপাততত নেই।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
শনিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। তবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এক-দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে। এছাড়া অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার দাপট থাকতে পারে।
উইকএন্ডে কী হবে?
এই সময় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় এক-দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে। এছাড়া সব জেলায় দমকা হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
১৪ ও ১৫ সেপ্টেম্বর বড় কোনও সতর্কতা নেই। এই সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ফের এক-দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।