
বাংলায় ভোট। এমনিতেই উত্তপ্ত আবহাওয়া। তারই মাঝে আবার রক্তচক্ষু দেখাচ্ছে তাপমাত্রা। সূর্যের তেজ এবং আর্দ্রতার সাঁড়াশি আক্রমণে সাধারণ মানুষের যাতা অবস্থা। কলকাতা থেকে জেলা, সর্বত্রই অবস্থা একই। কোথাও কোথাও আবার তাপপ্রবাহের জ্বালা সইতে হচ্ছে। আর এমন দাবদাহ আরও কিছুদিন চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বিশেষত, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ক্রমশ চড়তে শুরু করেছে।
হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই তাপমাত্রার পারদ পেরিয়ে গিয়েছে ৪২ ডিগ্রির গণ্ডি। আসানসোলে পারদ পৌঁছেছে ৪২.৫ ডিগ্রিতে।
আর এটা শুধু আসানসোলের চিত্র নয়। বরং গোটা বাংলার একাধিক জেলাতেই পরিস্থিতি একই রকম। সেই মতো মঙ্গলবার ও বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাই এই সব জেলার মানুষদের একটু বেশিই সতর্ক থাকতে হবে।
এই প্রসঙ্গে বলি, এই সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। কিন্তু তাতে কমবে না কষ্ট। বরং অস্বস্তি যেমন থাকার, তেমনই থাকবে বলে খবর।
কবে থেকে হাওয়া বদল?
বাংলার প্রথম দফার ভোটে প্রচণ্ড গরম থাকবে বলেই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এই সময় তীব্র দাবদাহে পুড়তে হবে। তবে ২৬ তারিখ থেকে ঘুরে যাবে আবহাওয়া। এই দিন থেকেই একাধিক জেলায় হতে পারে ঝড়বৃষ্টি। আগামী রবিবার ৭ জেলায় কালবৈশাখীর সতর্কতাও জারি করা হয়েছে।
যদিও দক্ষিণে রোদের তেজ বাড়লেও উত্তরের মানুষদের তেমন একটা কষ্ট সহ্য করতে হবে না। সেখানকার আবহাওয়া আরামদায়কই থাকবে। এমনকী মাঝে মধ্যেই হতে পারে বৃষ্টি। তাই উত্তরের অধিবাসীরা টেনশন নেবেন না।
তাপমাত্রা বাড়বে
এপ্রিলের শেষেই তাপমাত্রা ৪০ ডিগ্রির মাত্রা পেরিয়ে গিয়েছে। আর এই ট্রেন্ড এখনও থাকবে। কারণ, বছরের দ্বিতীয়ভাগেই নাকি আসছে সুপার এল নিনো। যার ফলে গরম প্রচণ্ড বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রায় হতে পারে রেকর্ড। এমনকী বৃষ্টি হতে পারে কম। তাই চিন্তার কিছু নয়।