
এবার থেকে আর 'West Bengal' নয়, ইংরেজিতেও এ রাজ্যের নাম হবে 'Paschim Banga'। এমনটাই জানালেন রাজ্য BJP সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, খুব শীঘ্রই এই মর্মে একটি বিল পাশ হবে রাজ্য বিধানসভায়। তবে এর বিরোধিতা করেছেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তাঁর মতে, 'পশ্চিমবঙ্গ' নাম হওয়া উচিত নয়। তবে কোন নাম চাইছেন তিনি?
শমীক ভট্টাচার্য বলেন, 'কোনওমতেই এ রাজ্যের নাম আর বঙ্গ বা বেঙ্গল থাকবে না। এবার থেকে রাজ্যের ইংরেজি নাম হবে পশ্চিমবঙ্গ। খুব শীঘ্রই আমাদের সরকার এই মর্মে একটি বিল আনছে রাজ্য বিধানসভায়। যাতে রাজ্যের নামটির সঙ্গে তার নিজস্ব ইতিহাসের মিল থাকে।' শমীক ভট্টাচার্যের এই মন্তব্য সমর্থন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তবে এই নিয়ে আপত্তি তুললেন কুণাল ঘোষ। তাঁর মতে রাজ্যের নাম পরিবর্তন করা হলে তা 'বাংলা' হওয়া উচিত। বেলেঘাটার বিধায়ক বলেন, 'পশ্চিমবঙ্গ নাম জোর জবরদস্তি রাখা হচ্ছে। তাহলে ভোটের সময়ে সোনার বাংলা কেন বলা হল? তখন তো পশ্চিমবাংলা বলা হয়নি। যদি পশ্চিমবাংলা বলে কোনও নাম রাখা হয় তাহলে তো পূর্ববাংলা বলেও কিছু থাকতে হবে। কিন্তু এখন তো পূর্ববাংলার কোনও অস্তিত্ব নেই।' তিনি আরও বলেন, 'একটি টেকনিক্যাল বিষয় রয়েছে। নাম বাংলা রাখা হলে জাতীয় স্তরের বৈঠকগুলিতে সুবিধা পাওয়া যেত। মমতা বন্দ্যোপাধ্যায় সে কারণেই রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা রাখতে চেয়েছিলেন। CPIM-ও এর সমর্থন করেছিল।'