Advertisement

West Bengal New Name : আর নয় West Bengal, রাজ্যের নাম ইংরেজিতেও লিখতে হবে ‘Paschim Banga’; জানালেন শুভেন্দু

এর পর ২০১৬ সালের অগস্টে ফের নাম পরিবর্তনের প্রস্তাব আনে রাজ্য সরকার। সেই সময় তিনটি ভাষায় তিন রকম নাম রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘Bengal’ এবং হিন্দিতে ‘Bangal’ নাম রাখার কথা বলা হয়।

শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 7:17 PM IST
  • সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • তিনি জানান, ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিধানসভার শীতকালীন অধিবেশন চলবে

দীর্ঘদিনের বিতর্কে এবার নতুন মোড়। পশ্চিমবঙ্গের নাম বদলে ‘Paschim Banga’ করার প্রস্তাবে সোমবার সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। শুধু বাংলায় নয়, ইংরেজিতেও রাজ্যের সরকারি নাম ‘West Bengal’-এর পরিবর্তে ‘Paschim Banga’ করার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় প্রস্তাব পাশ হলে সেটি পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। 

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিধানসভার শীতকালীন অধিবেশন চলবে। সেই অধিবেশনেই ৯ ডিসেম্বর রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করা হবে।

মুখ্যমন্ত্রীর কথায়, 'ইংরেজিতেও পশ্চিমবঙ্গের নাম হবে Paschim Banga। ঠিক যেভাবে লেখা হয়, সেভাবেই লিখতে হবে। ৯ ডিসেম্বর বিধানসভায় প্রস্তাব আনা হবে। তার পর সেটি ভারত সরকারের কাছে পাঠানো হবে এবং সংসদে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হবে।' 

শুভেন্দুর বক্তব্য, ১৯৪৭ সালে দেশভাগের সময় পশ্চিমবঙ্গের জন্মের সঙ্গে এই নামের পরিবর্তনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সেই ইতিহাসের সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্যের নাম পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করছে সরকার।

কেন নাম পরিবর্তনের উদ্যোগ?

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি নতুন নয়। দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে একাধিকবার প্রস্তাব উঠলেও তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়নি।

বামফ্রন্ট সরকারের আমলেও রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। ১৯৯৯ সালে বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পরবর্তী সময়ে ২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারও রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেয়। ২ সেপ্টেম্বর ২০১১ সালে বিধানসভায় সর্বসম্মতভাবে 'পশ্চিমবঙ্গ’ নামের পরিবর্তে ‘Paschim Banga’ রাখার প্রস্তাব গৃহীত হয়। সেই প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হলেও অনুমোদন মেলেনি।

এর পর ২০১৬ সালের অগস্টে ফের নাম পরিবর্তনের প্রস্তাব আনে রাজ্য সরকার। সেই সময় তিনটি ভাষায় তিন রকম নাম রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘Bengal’ এবং হিন্দিতে ‘Bangal’ নাম রাখার কথা বলা হয়। বিধানসভায় প্রস্তাব পাশ হলেও কেন্দ্র জানিয়ে দেয়, একটি রাজ্যের সরকারি নাম বিভিন্ন ভাষায় আলাদা হতে পারে না।

Advertisement

এর পর ২০১৮ সালের জুলাই মাসে ফের নতুন প্রস্তাব আনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তিনটি ভাষাতেই রাজ্যের নাম ‘Bangla’ রাখার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই উদ্যোগও বাস্তবায়িত হয়নি। ‘Bangla’ নামের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নামের সাদৃশ্য নিয়ে কেন্দ্রের তরফে আপত্তির কথা সামনে আসে।

বর্ণানুক্রমে পিছিয়ে পড়াও কি নাম পরিবর্তনের কারণ?

রাজ্যের নাম পরিবর্তনের দাবির পিছনে প্রশাসনিক ও প্রতীকী কারণও রয়েছে। ইংরেজি বর্ণমালার ‘W’ অক্ষর দিয়ে West Bengal শুরু হওয়ায় দেশের রাজ্যগুলির বর্ণানুক্রমিক তালিকায় পশ্চিমবঙ্গের অবস্থান থাকে একেবারে শেষের দিকে।

জাতীয় স্তরে মুখ্যমন্ত্রীদের বৈঠক কিংবা বিভিন্ন প্রশাসনিক সম্মেলনে রাজ্যগুলির নাম বর্ণানুক্রমে সাজানো হলে পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের অনেক সময় অপেক্ষার শেষ দিকে থাকতে হয়। ‘West Bengal’-এর পরিবর্তে ‘Paschim Banga’ হলে ইংরেজি বর্ণমালায় রাজ্যের অবস্থান ‘W’ থেকে ‘P’-তে এগিয়ে আসবে।

কীভাবে বদলাবে রাজ্যের নাম?

তবে মন্ত্রিসভার অনুমোদন বা বিধানসভায় প্রস্তাব পাশের পরেই রাজ্যের নাম আনুষ্ঠানিকভাবে বদলে যাবে না। সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনও রাজ্যের নাম পরিবর্তনের জন্য সংসদে আইন প্রণয়নের প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় রাষ্ট্রপতির সুপারিশ এবং সংশ্লিষ্ট রাজ্য বিধানসভার মতামত গ্রহণের সাংবিধানিক ব্যবস্থাও রয়েছে।

অর্থাৎ, আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় প্রস্তাব পাশ হলে সেটি কেন্দ্রের কাছে পাঠানো হবে। তার পর সংসদে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সংসদের অনুমোদন ও প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকারি নাম পরিবর্তন কার্যকর হবে না।

এখন দেখার, শুভেন্দু অধিকারীর সরকারের এই উদ্যোগ কতটা দ্রুত এগোয়। অতীতে একাধিকবার নাম পরিবর্তনের প্রস্তাব কেন্দ্রের অনুমোদন না পাওয়ায় থমকে গিয়েছে। এবার ‘Bangla’ বিতর্ক এড়িয়ে তিনটি ভাষাতেই একই নাম রাখার প্রস্তাব সামনে আনল রাজ্য সরকার। ৯ ডিসেম্বর বিধানসভায় কী সিদ্ধান্ত হয়, সেদিকেই নজর থাকবে।
 

Read more!
Advertisement
Advertisement