Advertisement

West Bengal Tourism Ad: বাংলার ট্যুরিজমের বিজ্ঞাপনে 'বাংলা'ই নেই, আছে রিওর যিশু, আইফেল টাওয়ার

চোখের পলক পড়তে না পড়তেই উধাও হবে হাওড়া ব্রিজ। তারপর থেকে স্ক্রিনে ভেসে উঠবে বিদেশের একের পর এক পর্যটন স্থল। কিন্তু পশ্চিমবঙ্গের নয়া পর্যটনী বিজ্ঞাপনে এ রাজ্যের আর কোনও কিছুই দেখতে পাবেন না। নেটপাড়ায় তুমুল সমালোচনা।

পশ্চিমবঙ্গের পর্যটনী বিজ্ঞাপনে বাংলা কই? পশ্চিমবঙ্গের পর্যটনী বিজ্ঞাপনে বাংলা কই?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Sep 2026,
  • अपडेटेड 2:52 PM IST
  • স্ক্রিনে ভেসে উঠবে বিদেশের একের পর এক পর্যটন স্থল
  • এ রাজ্যের আর কোনও কিছুই দেখতে পাবেন না
  • পশ্চিমবঙ্গের নয়া পর্যটনী বিজ্ঞাপন নিয়ে তুমুল খোরাক

বিশ্ব পর্যটনের মানচিত্রে বাংলাকে আরও জোরাল ভাবে তুলে ধরার লক্ষ্যেই তৈরি হয়েছিল নতুন পর্যটন বিজ্ঞাপন। কিন্তু সেই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে হাসাহাসি। কারণ, বিজ্ঞাপনে চোখে পড়েছে আইফেল টাওয়ার, রাশিয়ার সেন্ট বাসিল’স ক্যাথেড্রাল, মিশরের পিরামিড এবং রিও ডি জেনেইরোর ক্রাইস্ট দ্য রিডিমার। কিন্তু বাংলার কোনও পর্যটনকেন্দ্রের একটি ঝলকও দেখা যায়নি। কেবলমাত্র ১ সেকেন্ডের জন্য হাওড়া ব্রিজ নজরে পড়েছে। আর তাতেই চটেছেন নেটিজেনরা। কটাক্ষের সুরে তাদের প্রশ্ন, 'বাংলার পর্যটন ভিডিওতে বাংলা কোথায়?'

নতুন লোগো, নতুন ব্র্যান্ড পরিচয়
শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার পর্যটনের জন্য নতুন লোগো এবং নতুন ব্র্যান্ড পরিচয় প্রকাশ করেন। নতুন ক্যাচলাইনও রাখা হয়েছে, ‘West Bengal: Where India feels different’।

এই উদ্যোগের পাশাপাশি রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকার বিনিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে। সুন্দরবনের ম্যানগ্রোভ থেকে উত্তরবঙ্গের তুষারাবৃত পাহাড়, ভৌগোলিক বৈচিত্র্যে সমৃদ্ধ রাজ্যের পর্যটনকে আরও উন্নত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে শুভেন্দু বলেন, 'রাজ্যের পর্যটন পরিকাঠামো নষ্ট হয়ে গিয়েছে। পর্যটকেরা দার্জিলিং ও কালিম্পং হয়ে সিকিম চলে যান। এই পরিস্থিতি আমাদের বদলাতেই হবে।'

বিজ্ঞাপনে বাংলার বদলে বিদেশি দর্শনীয় স্থান!
তবে নতুন পর্যটন বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পরই উপস্থিত সকলে এ-ওর মুখ চাওয়া-চাওয়ি করতে থাকে। বিজ্ঞাপনটি শুরু হয় আইকনিক হাওড়া ব্রিজের দৃশ্য দিয়ে। কিন্তু তারপর বাংলার আর কোনও পর্যটন স্থলই সেখানে চোখে পড়েনি। একের পর এক এমন সব জায়গার ছবি দেখানো হয়, যেগুলির সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই। প্রতিটি পর্যটন স্থল বাংলা তো দূর এমনকী ভারতেরও বাইরে, হাজার হাজার মাইল দূরে। 

আইফেল টাওয়ার, পিরামিড, মস্কো এবং রিও ডি জেনেইরোর মতো আন্তর্জাতিক পর্যটনস্থল বিজ্ঞাপনে জায়গা করে নিয়েছে। অথচ ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির, দার্জিলিংয়ের টয় ট্রেন-এর মতো বাংলার পরিচিত পর্যটন আকর্ষণগুলিকে বিজ্ঞাপনে দেখা যায়নি। এতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক ঠাট্টা-তামাশা।

Advertisement

‘Where is Bengal?’ প্রশ্নে সরব নেটপাড়া
সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বিজ্ঞাপনটির সমালোচনা করে একে অত্যন্ত খারাপ প্রচার বলে মন্তব্য করেছেন। প্রাক্তন ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় বিজ্ঞাপনটিকে ‘বোকা’ এবং ‘অপেশাদার’ বলে অভিহিত করেছেন। তাঁর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পর্যটন বিজ্ঞাপনে মস্কো, মিশর এবং রিও ডি জেনেইরোর দৃশ্য কেন থাকবে?

সোশ্যাল মিডিয়ার এক ব্যবহারকারী সরাসরি লিখেছেন, ‘Where is Bengal?’ আর একজন প্রশ্ন তুলেছেন, 'বিজ্ঞাপন তৈরির দায়িত্ব কি কোনও গুজরাত-ভিত্তিক বিজ্ঞাপন সংস্থাকে দেওয়া হয়েছিল?'

কারও বক্তব্য, 'পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে শহর, বাংলার এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও আইফেল টাওয়ার ও সেন্ট পিটার্সবার্গকে বিনামূল্যে বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন কী ছিল?'

পুরনো ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ডিংয়ের সঙ্গে তুলনা
সমালোচনার পাশাপাশি অনেকে আবার নতুন বিজ্ঞাপনটির সঙ্গে তৃণমূল কংগ্রেসের আমলে বাংলার পর্যটন প্রচারের তুলনাও করেছেন। তাঁদের মতে, সেই প্রচারে বাংলার সংস্কৃতি, চরিত্র ও নিজস্বতার উপর বেশি জোর দেওয়া হয়েছিল। নতুন ক্যাচলাইন ‘West Bengal: Where India feels different’ নিয়েও প্রশ্ন উঠেছে। 

সব মিলিয়ে, বাংলার পর্যটনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্দেশ্যে তৈরি নতুন বিজ্ঞাপনই এখন প্রবল খোরাকের বিষয়। বিজ্ঞাপনটি নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর BJP সরকার কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার।

 

Read more!
Advertisement
Advertisement