
সকাল থেকে কলকাতার আকাশের মুখভার। শুধু কলকাতা নয়, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলার একই অবস্থা। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, এদিন বৃষ্টি হতে পারে উত্তর, দক্ষিণবঙ্গের জেলা ও কলকাতায়।
হাওয়া অফিসের তরফে তরফে জানানো হয়েছে, উত্তর দিনাজপুর ছাড়া রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮০ শতাংশের কাছাকাছি।
হাওয়া অফিসের আরও পূর্বাভাস, ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ হতে পারে কালবৈশাখীও। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টি হতে পারে। যা চলতে পারে কালও।
তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজ থাকলেও কাল নাও হতে পারে। আবার পশ্চিমের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। আজ বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও কাল থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।