Advertisement

West Bengal Weather: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা সহ কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি শক্তি বাড়াচ্ছে। যার জেরে আজ একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়ার লেটেস্ট আপডেট জানতে পড়ুন নিবন্ধটি।

পশ্চিমবঙ্গের আবহাওয়াপশ্চিমবঙ্গের আবহাওয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jul 2026,
  • अपडेटेड 6:15 AM IST
  • বঙ্গোপাসগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে
  • সেটি শক্তি বাড়াচ্ছে
  • আজ একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে

রথের দিন মোটের উপর বাংলার সব জেলাই বৃষ্টি দেখেছে। এমনকী ভিজেছে কলকাতাও। বেশ ভালই বৃষ্টি হয়েছে। আর হাওয়া অফিস জানাচ্ছে, এখনই বৃষ্টি থামবে না। বরং ১৯ জুলাই পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। 

কেন বৃষ্টি? 
আসলে উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটা নিম্নচাপ। আর সেই কারণেই রথের দিন বৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটি আজ, শুক্রবার আরও শক্তি বাড়াবে। তৈরি হবে সুস্পষ্ট নিম্নচাপ। যার জেরে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। 

কতদিন দুর্যোগ চলবে? 
এই বিষয়টাও খোলসা করে দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে ১৯ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে ১৯ এবং ২০ জুলাই নাগাদ এটি পশ্চিমবঙ্গের উত্তর দিকে চলে যাবে। যার জেরে ওই সময় থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। তাই সেই সময় উত্তরবঙ্গবাসী এবং পর্যটকদের সাবধান থাকতে হবে।

আজ কেমন থাকবে আবহাওয়া?
রথের দিনের মতোই আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। ১৭ জুলাই বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আইএমডি। এছাড়া ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ কিমি। 

যদিও শুধু এই সব জেলা নয়, এর পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? 
রথের দিন ভালই ভিজেছে কলকাতা। আর শুক্রবারও সেই ট্রেন্ডই বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এই দিন কলকাতা ও পাশ্ববর্তী উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আজ বাইরে বেরলে হাতে ছাতা থাকা মাস্ট। 

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 
শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। তবে ১৯ জুলাইয়ের পর থেকে সেখানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেই সময় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই সময় উত্তরবঙ্গের নদীগুলিতে বাড়তে পারে জলস্তর। এছাড়া ধস নামার আশঙ্কাও রয়েছে। তাই এই সময় যাঁরা উত্তরবঙ্গে যাচ্ছেন, তাঁরা একটু সাবধান থাকুন। সব পরিস্থিতি বিচার করেই ঘোরাফেরা করুন। 

Advertisement

মৎস্যজীবীদের উদ্দেশে নিষেধাজ্ঞা
তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে উত্তাল থাকতে পারে সমুদ্র। তাই শনিবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন সমুদ্রে মাছ না ধরতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 


  

Read more!
Advertisement
Advertisement