
মার্চের শেষে আবার হাওয়া বদল হতে চলেছে বাংলায়। সপ্তাহান্তেই ফের ঝড়বৃষ্টি দেখবে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ। পাশাপাশি রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। যদিও তাতে গরমের হাত থেকে তেমন একটা রেহাই মিলবে না। বরং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়ার রয়েছে আশঙ্কা। এমনকী সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যার ফলে অস্বস্তি আরও বাড়বে বই, কমবে না।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আজ, বৃহস্পতিবার তেমন একটা বৃষ্টির আশা নেই কলকাতা সব দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। সকাল থেকেই রোদের দেখা মিলতে পারে। পাশাপাশি আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বেলা যত বাড়বে, গরম ততই টের পাওয়া যাবে।
আজও দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী। তবে আগামিকাল থেকেই হবে হাওয়া বদল। শুক্রবার থেকেই রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।
শুক্র এবং শনিবার আবহাওয়ার গতিবিধি বদলে যাবে
আজ বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদিও আগামিকাল, অর্থাৎ শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝড়। কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি এবং ঝড়ের আশঙ্কা রয়েছে। প্রায় ৪০ থেকে ৫০ কিমি গতিতে বইতে পারে ঝড়।
এছাড়া এই দুই দিন বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পারে দক্ষিণবঙ্গ। সেই সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি।
এমতাবস্থায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে জারি করা হয়েছে সতর্কতা। তাই এই সব জেলার মানুষেরা একটু সাবধানে থাকুন। বাইরে বেরলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা।
তবে রবিবার থেকে বৃষ্টি এবং ঝড়ের প্রকোপ কমতে থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। আর সোমবার থেকে পরিস্থিতি পুরো বদলে যাবে। তারপর বাড়তে থাকবে গরম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই হবে ঊর্ধ্বমুখী।
উত্তরবঙ্গের কী পরিস্থিতি?
দক্ষিণবঙ্গে আপাতত শান্ত রয়েছে আবহাওয়া। কিন্তু উত্তরের ছবিটা অনেকটাই আলাদা। বাংলার এই প্রান্তে ঝড়বৃষ্টি লেগেই রয়েছে। বৃহস্পতিবারও হবে বৃষ্টি। আর শুক্রবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এই সময় ৪০ থেকে ৫০ কিমি বেগে হতে পারে ঝড়। শুধু তাই নয়, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। যার ফলে উত্তরের অধিকাংশ জেলায় রয়েছে কমলা সতর্কতা। তাই এই সময় যাঁরা উত্তরবঙ্গে রয়েছেন, তাঁরা অবশ্যই একটা সাবধানে থাকুন।