
বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সাক্ষী থাকল কলকাতা সহ পার্শ্ববর্তী কিছু এলাকা। কয়েকটা জায়গায় আবার শিলাবৃষ্টিও হয়েছে। যদিও বৃহস্পতিবার কলকাতার সর্বত্র বৃষ্টি হয়নি বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিকে আজ, শুক্রবার গোটা রাজ্যেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টিপাত। কিন্তু ঝড়বৃষ্টি হলেও আগামী দুই দিন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। অবশ্য তারপর তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আজ কোন কোন জেলায় ঝড়বৃষ্টি?
শুক্রবার জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ের দাপট থাকবে বেশি। এই সব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইতে পারে বলে সাবধান করে দেওয়া হয়েছে। তাই এই সব জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আজ সকাল থেকেই মুখ ভার কলকাতার। আকাশের রং কালো। যার ফলে সহজেই বোঝা যাচ্ছে যে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছেই। পাশাপাশি ঝড়ও হতে পারে।
আর শুধু কলকাতা নয়, শহরের পার্শ্ববর্তী সব এলাকাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
শনিবার কী হবে?
আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, শনিবারও রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। তাই সেই দিনও হলুদ সতর্কতা জারি করা রয়েছে কিছু জেলায়।
ও দিকে রবিবারও বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝড়ের দাপট থাকতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। তবে ওই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলায় এখনও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি নেই বলে খোলসা করেছে হাওয়া অফিস।
অবশ্য সোমবার থেকে কমে যাবে বৃষ্টির দাপট। কিন্তু ওই সময় পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
উত্তরে দুর্যোগ
শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে খুব বৃষ্টি হতে পারে। তাই এই তিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া কালিম্পং, কোচবিহারেও ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর শুধু বৃষ্টি নয়, এ দিন ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে।
আবার শনিবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। সেই কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিরারও বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে। কিন্তু সোমবার থেকে কমে যাবে ঝড়বৃষ্টির দাপট।