
ফের দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা। তেমনই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, এই সপ্তাহের শেষে নতুন করে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সেই মতো রাজ্যের দক্ষিণের প্রায় সব জেলাতেই শুক্রবার থেকে সতর্কতা জারি হয়েছে।
যদিও ঝড়বৃষ্টি হলেও গরম থেকে তেমন একটা রেহাই মিলবে না। বরং পাল্লা দিয়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আর এটাই সর্বশেষ খারাপ খবর।
কলকাতায় কতদিন বৃষ্টি?
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। তবে হাওয়া বদল হবে শুক্রবার থেকে। শুক্র থেকে রবি টানা বৃষ্টি হতে পারে কলকাতায়। পাশাপাশি ঝড়ের দাপটও থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার শহরে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে। শনিবার এবং রবিবার তার দাপট বাড়বে। এই সময় ঝড়ের গতিবেগ ছুঁয়ে ফেলতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
শুধু কলকাতা নয়, এর পাশাপাশি দক্ষিণের অধিকাংশ জেলার আবহাওয়া থাকবে একই রকম। হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতে শুক্রবার সামান্য বেশি বৃষ্টির রয়েছে আশঙ্কা।
আজ কোথায় বৃষ্টি?
কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমানে আজ, অর্থাৎ মঙ্গলবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই এই সব জেলার মানুষ আজও সঙ্গে রাখুন ছাতা।
উত্তরে চলছে কমলা সতর্কতা
কলকাতা এবং দক্ষিণবঙ্গে আপাতত দুর্যোগের আশঙ্কা নেই। তবে উত্তরে পরিস্থিতির এখনই উন্নতি হচ্ছে না। এই যেমন, আজ, অর্থাৎ মঙ্গলবার থেকেই বৃষ্টি বাড়বে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
তবে শুক্রবার থেকে দক্ষিণের মতোই দুর্যোগ বাড়বে উত্তরেও। এই সময় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বাড়বে তাপমাত্রা...
ঝড়বৃষ্টি হবে। তবে তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিনে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। এমন আবহাওয়াই বেশ কিছু দিন স্থায়ী থাকবে।
কেন বৃষ্টি?
হাওয়া অফিস সূত্রে খবর, একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকে পড়ছে। সেই কারণেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।