
খাতায় কলমে বসন্ত। তবে আবহাওয়ার ট্রেন্ড দেখে সেটা বোঝার উপয় নেই। বরং ঝড়বৃষ্টির দাপটে এখন মোটের উপর কমে গিয়েছে তাপমাত্রা। এমনকী রবিবারও কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। আর চলতি সপ্তাহেও আবহাওয়ার মতিগতি এমনই থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।
কেন বৃষ্টি?
এই বিষয়টা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। সেই কারণেই ঝড়বৃষ্টির রয়েছে পূর্বাভাস।
উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝা বিস্তার করেছে। সেই সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এটি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের উপরই অবস্থান করছে। ও দিকে আবার বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে। যার ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সোমবারও কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। এমনকী আগামী কয়েকদিন একই রকম পরিস্থিতি থাকতে পারে। বিকেলের দিকে দেখা দিতে পারে কালবৈশাখী। এমন ঝড়বৃষ্টি মুখর পরিস্থিতি আগামী শুক্রবার পর্যন্ত থাকতে পারে বলে জানিয়ে দিয়েছেন তারা।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। গোটা সপ্তাহই এমনটা চলবে। যদিও বৃষ্টিপাতের প্রভাব খুব একটা বেশি হবে না। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
বিশেষত, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হতে পারে বৃষ্টি।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বুধবারের পর থেকেই দক্ষিণবঙ্গে স্বাভাবিক হবে তাপমাত্রা। কিন্তু সপ্তাহের শেষের দিকে আবার ঝড়বৃষ্টির প্রভাব বৃদ্ধি পেতে পারে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণের মতোই উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো গাওয়া। গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা।
এই সময় সিকিমে হতে পারে তুষারপাত। বিশেষত, নাথুলা, জুলুক এবং নাথাংভ্য়লিতে হিমবাহ ধসের আশঙ্কা রয়েছে।
কলকাতার আবহাওয়া নিয়ে যা জানা যচ্ছে...
দক্ষিণবঙ্গের মতোই থাকবে কলকাতার আবহাওয়া। রবিবারও শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে নীচে। আর আজ সকাল থেকেও মোটের উপর তেমনই রয়েছে আবহাওয়া। আকাশে মেঘ রয়েছে। আগামী কিছুদিন এমনটাই চলতে থাকবে।