
আগামী ১ সপ্তাহে রাজ্যে কোনও ঝড়বৃষ্টির সতর্কতা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দেশে আনুষ্ঠানিক ভাবে বর্ষা বিদায় হয়েই গিয়েছে। এবার রাজ্যের পালা। পুজোর আগেই সম্ভবত বর্ষা বিদায় নেবে বঙ্গ থেকে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আপাতত ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই দক্ষিণের জেলাগুলিতে। আকাশ পরিষ্কারই থাকবে আগামী এক সপ্তাহ। চলতি সপ্তাহের শুরুতেই কলকাতা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা সহ প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির দাপট কমেছে। এমনই আবহাওয়া থাকবে দিন সাতেক। নিম্নচাপের কোনও প্রভাব আর নেই দক্ষিণের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের আবহাওয়া
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কেটে গিয়েছে নিম্নচাপের প্রভাব। আপাতত সেখানেও ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উইকএন্ডে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবার থেকে পাহাড়ে বৃষ্টির পরিমাণ কমবে।
পুজোর আগেই বর্ষা বিদায়
দেশ থেকে আনুষ্ঠানিক ভাবে বর্ষা বিদায় শুরু হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে ঝাড়খণ্ড ও বিহার থেকেও বর্ষা বিদায় নেবে। পশ্চিমবঙ্গে সাধারণত ১০ অক্টোবরের আশাপাশ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে। অর্থাৎ দেবীপক্ষেই বিদায় নেবে বর্ষা।
কলকাতায় ভ্যাপসা গরম?
কলকাতায় ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের উপর। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৬ শতাংশ। অর্থাৎ দিনের বেলায় হাঁসফাঁস করা গরমই অনুভূত হবে।