
বৃহস্পতিবার প্রচণ্ড ভ্যাপসা গরম সহ্য করেছে দক্ষিণবঙ্গ। কলকাতা সহ অধিকাংশ জেলাতেই প্রায় বৃষ্টি হয়নি বললেই চলে। যার ফলে অস্বস্তি একবারে চরমে উঠেছিল। একটু হাঁটাচলা করলেই হচ্ছিল ঘাম। যদিও পরিস্থিতি এখন পুরোপুরি বদলে গিয়েছে। শুক্রবার সকাল সকাল কলকাতার শুরু হয়েছে ঝড়বৃষ্টি। এমনকী একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছুটা হলেও স্বস্তি পেল দক্ষিণবঙ্গবাসী।
কলকাতার আবহাওয়ার কী পরিস্থিতি?
কলকাতায় সকাল ৫টা ১৫ মিনিট থেকেই রয়েছে হলুদ সতর্কতা। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে শহরের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় দেখা যেতে পারে বর্জ্রপাতের দাপট। তাই সাবধান না হয়ে গতি নেই।
হুগলি, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া
এই সব জেলাতে ভোর থেকেই হলুদ সতর্কতা রয়েছে। রাত ৩টে ১০ থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার জন্য সতর্কতা জারি করা হয়েছে। এই সময় জেলাগুলির একাধিক জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল রয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ দেখা যেতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রাম
এই দুই জেলাতেও সকাল ৫টা ২৫ থেকে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তাই সাবধান হন। এছাড়া উত্তর ২৪ পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?
শুক্রবার বাংলার প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গের পাহাড়ে আজ ভাল বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটু নীচের দিকে, অর্থাৎ মালদায় খুব একটা বৃষ্টি হবে না।
তাপমাত্রা কেমন থাকবে?
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। যদিও দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা আগামী কয়েকদিনে কমবে না বলেই জানিয়ে দিয়েছে তারা।