
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই। আর তা সত্যি করে রাজ্যে ভয়ঙ্কর তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গ ও কলকাতায় দাবদাহের জেরে অস্বস্তিতে রাজ্যবাসী। বাঁকুড়াতে তাপমাত্রা ছাড়াল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গ ও কলকাতায়। উল্টে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে একাধিক জেলায়। তবে ব্যতিক্রম উত্তরবঙ্গ। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এবছর এপ্রিল মাসে অন্যবারের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে বা হচ্ছে উত্তরবঙ্গে।
তবে গরমে অবস্থা কাহিল দক্ষিণবঙ্গ ও কলকাতার। বিশেষ করে বাঁকুড়া ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা পেরিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। একনজরে দেখে নেব কোন জেলায় এখন কী অবস্থা।
জানা গিয়েছে, বাঁকুড়ায় আজ তাপমাত্রা ছুঁয়েছে ৪৩ ডিগ্রি। মালদায় ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, দমদমের তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দুই বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই জেলাগুলির তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুর, দুই মেদিনীপুরের অবস্থাও প্রায় একই।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা গরম বাতাস রাজ্যে প্রবেশ করছে। ফলে এই গরম বা অস্বস্তি আরও বাড়বে। আগামী কয়েকদিন পর্যন্ত দক্ষিণবঙ্গ ও কলকাতায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।